
দিঘায় তৈরি হবে চৈতন্য দ্বার, প্রতীকা ছবি
শেষ আপডেট: 28 November 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘায় আসা পর্যটকদের জন্য আরও এক চমক। এবার চৈতন্য দ্বার তৈরির কাজ শুরু হল সৈকতনগরীতে। চৈতন্য দ্বার তৈরির প্রস্তাবিত ব্যয় প্রায় সাড়ে চার কোটি টাকা।
জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ পুরনো জগন্নাথদেবের মন্দির লাগোয়া প্রবেশ পথের মুখেই এই সুবিশাল চৈতন্য দ্বার তৈরি হবে। চৈতন্যদেবের নামাঙ্কিত এই প্রবেশদ্বার যে শুধু দৃষ্টিনন্দন পর্যটন আকর্ষণের কেন্দ্র হবে তাই নয়, চৈতন্য মহাপ্রভুর জীবনচর্চার নানা কাহিনী তুলে ধরা হবে। চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যও নানা কথায় ও ছবিতে তুলে ধরা হবে এই প্রবেশদ্বারে।
মাসির বাড়িতে ঢোকার আগে সামনেই চোখে পড়বে এই সুবিশাল চৈতন্য-দ্বার। মাটি পরীক্ষার পর কাজও শুরু হয়ে গেছে। কাজটির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সন্দীপ মিশ্র বলেন, "মাপজোক করা হয়ে গেছে। এবার কাজ শুরুর পালা। আমরা খুব দ্রুত কাজ করে এই প্রকল্পটি শেষ করতে চাই। পর্যটকরা দিঘায় এসে জগন্নাথ মন্দিরের পাশাপাশি এই চৈতন্য দ্বার দেখারও সুযোগ পাবেন।"
দিঘায় জগন্নাথ মন্দিরের কাজও প্রায় শেষ পর্যায়ে। এবার চৈতন্য দ্বার তৈরির কাজ শেষ হলে দিঘার আকর্ষণ আরও বাড়বে। হোটেল মালিক উত্তম দাস বলেন, "কলকাতার এক নামী সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে। আমরা কাজ শেষের দিকে তাকিয়ে আছি।"