
এগরা পুরসভার ইঞ্জিনিয়ার ও তৃণমূল কাউন্সিলর
শেষ আপডেট: 17 December 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: অবৈধ নির্মাণের বাধা দেওয়ায় এগরা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এগরা পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মহকুমাশাসক এবং এগরা পুরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনমুন মিশ্র ত্রিপাঠী। তিনি সরকারি নিয়ম না মেনে বাড়ি তুলছেন বলে জানতে পারেন এগরা পুরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপনকুমার গায়েন। সঙ্গে সঙ্গে তিনি নির্মাণস্থলে পৌঁছে যান। অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন। কিন্তু বাড়ির মালিক কোনওভাবেই কাজ বন্ধ করতে চাননি বলে অভিযোগ স্বপনবাবুর। এরপরেই
তিনি পুরসভার অফিসে চলে আসেন। এগরা পুরসভার চেয়ারম্যানকে গোটা বিষয়টি জানান।
কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে পুরসভার চেয়ারম্যানের ঘরে বৈঠক ডাকা হয়। ওই বৈঠকেই পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে এগরা পুরসভার কাউন্সিলর শেখ সুরজ আলি ওই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।
ইঞ্জিনিয়ার স্বপন গায়েন বলেন, "শেখ সুরজ আলি নিজে দাঁড়িয়ে থেকে মুনমুন মিশ্র ত্রিপাঠির বাড়ি সমস্ত কাজ তদারকি করছেন, বাধা দিতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে।"
পৌর প্রধান স্বপনকুমার নায়েক বলেন, "অফিস স্টাফ ও কাউন্সিলরের মধ্যে গন্ডগোল। তাই স্বপন গায়েন ও শেখ সুরজ আলিকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে দেব।"
সরকারি কাজে বাধা দিলে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা হয়। বেআইনি নির্মাণে যুক্ত থাকার অভিযোগ ওঠার পরেও কেন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হবে না? সেই প্রশ্ন তুলছেন নাগরিকরা। বিজেপি নেতারা বলেন, "রাজ্যজুড়েই অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। তাহলে আর এগরা বাদ পড়বে কেন!"