
শেষ আপডেট: 5 October 2023 11:00
দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের অবস্থান পরিবর্তন, আর তাতেই নাকি রেকর্ড বৃষ্টি! মাত্র ২৪ ঘণ্টায় ৫২০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড এখন পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার বড়িশা গ্রামের। সাম্প্রতিক অতীতে দক্ষিণবঙ্গে এমন ভয়ঙ্কর বৃষ্টির নজির নেই।
নিম্নচাপের প্রভাবে সমগ্র বাংলা জুড়েই চলছে মুষলধারে বৃষ্টি। ইতিমধ্যেই সিকিম এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তবে শুধু উত্তরের জেলাগুলিই নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও অবিশ্রাম বর্ষণ চলছে গত কয়েকদিন ধরেই। আজ বৃহস্পতিবারও রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তার মধ্যেই মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে পিংলার এই গ্রামে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ৫২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বড়িশাতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে শেষ কবে এত বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছিল, তা রেকর্ডে নেই। বেশ কয়েক বছর আগে দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় ৮০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছিল। দক্ষিণবঙ্গে এর আগে একদিনে সর্বাধিক বৃষ্টির রেকর্ড রয়েছে আসানসোলের। সেখানে ৪২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
কিন্তু এমন ভয়ানক বৃষ্টির কারণ কী? আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তারা জানিয়েছেন, নিম্নচাপ অভিমুখ বদলে ঝাড়খণ্ড থেকে পূর্বে বাংলার উপর সরে এসেছে। তাছাড়া ওই গ্রাম সংলগ্ন এলাকার উপর নিম্নচাপটি হয়তো দীর্ঘক্ষণ অবস্থান করেছিল, তার কারণেই এমন দুর্যোগ। শুধু পিংলাই নয়, দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেও গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। জায়গাবিশেষে সেই বৃষ্টির পরিমাণ ২৫০ মিলিমিটার ছাড়িয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিংয়ে যথাক্রমে ১২৮ ও ১২২ মিমি বৃষ্টি হয়েছে। হাওড়া এবং দুই ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছে গড়ে ১৫০ মিলিমিটার মতো।
আজ বৃহস্পতিবারও দফায় দফায় বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, নদিয়া ও আলিপুরদুয়ারে। কলকাতায় আজ থেকে বৃষ্টির পরিমাণ খানিক কমবে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে পরিস্থিতি ভাল হবে। উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে শনিবার থেকে।