
ফাইল ছবি
শেষ আপডেট: 28 October 2023 11:22
দ্য ওয়াল ব্যুরো: কীভাবে রেশনের আটা খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা যেত মন্ত্রী এবং তাঁর সাগরেদদের কাছে সেবিষয়ে শুক্রবারই আদালতে বেশ কিছু নথি পেশ করেছে ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এল দুটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটও। যাতে রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ আরও স্পষ্ট বলেই দাবি তদন্তকারী সংস্থার।
তদন্তে নেমে রেশন ডিলার ও মিল মালিক ধৃত বাকিবুর রহমানের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই মোবাইল থেকেই বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, একটি হোয়াটসঅ্যাপ চ্যাট লেখা হয়েছিল ২০২০ সালের ২০ জানুয়ারি। তাতে লেখা, ‘এমআইসি(MIC)-কে পেমেন্ট হয়ে গেছে।’ পাশে টাকার অঙ্কে লেখা ছিল ৬৮ লক্ষ! ওই সময়েরই আর একটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটেও লেখা রয়েছে, ‘এমআইসি(MIC)-কে পেমেন্ট হয়ে গেছে।’ এক্ষেত্রে টাকার অঙ্ক ছিল ১২ লক্ষ টাকা!
কে এই এমআইসি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদে বাকিবুরের দুই কর্মী জানান, এমআইসি মানে মিনিস্টার-ইন-চার্জ! যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, এই বিষয়ে জেরার মুখে বাকিবুরও তদন্তকারীদের জানিয়েছেন, ঋণ হিসেবেই দু’দফায় ওই ৮০ লক্ষ টাকা নিয়েছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু আজও সেই টাকা শোধ করা হয়নি।
তদন্তকারী সংস্থার দাবি, মন্ত্রীর সহযোগিতায় রেশনের আটা চুরি করে খোলা বাজারে বিক্রি করেছেন বাকিবুর রহমান। ইডি তিনটি ভুয়ো কোম্পানির হিসাব দেখানোর চেষ্টা করেছে, সেই টাকার বখরা পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বালুর স্ত্রী মনিদীপা ও মেয়ে প্রিয়দর্শিনীকে ডিরেক্টর করে ভুয়ো কোম্পানি খোলা হয়েছে। তার পর বোগাস প্রিমিয়াম ও আনাজ বেচার কমিশন দেখিয়ে অন্তত ২০ কোটি টাকা লুঠ হয়েছে। এবার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসায় রেশন কেলেঙ্কারিতে মন্ত্রী যোগের প্রমাণ আরও জোরাল হল বলেই দাবি ইডির।