
শেষ আপডেট: 18 May 2023 02:46
দ্য ওয়াল ব্যুরো: বাইপাসের ধারে জোরকদমে চলছে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের মেট্রো কাজ। বর্তমান ভবনের সামনে বেলেঘাটা মেট্রো স্টেশনও অনেকটাই তৈরি। আর এবার চিংড়িঘাটাতেও পিলার (Chingrighata Metro pillar) তৈরির কাজ শুরু হয়ে গেল। কলকাতার পুলিশ কমিশনার (CP) পরিদর্শনের পরই শুরু হয় কাজ। এর জেরে চিংড়িঘাটা মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়েছে। ঘিরে দেওয়া হয়েছে চিংড়িঘাটা মোড়ের বেশ কিছুটা অংশ।
এদিকে এই কাজের জেরে যানজটের আশঙ্কা ছিল বাইপাসে। তবে তার জন্যেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, বাইপাসে যানজট কমাতে ক্য়ানেল সাউথ রোড ও চাউলপট্টি রোডে একমুখী যান চলাচল করবে এই পিলার বসানোর কাজ শেষ না হওয়া অবধি। বুধবার, পরীক্ষামূলক যান চলাচলের পঞ্চম দিনে চিংড়িঘাটা পরিদর্শনে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি সেখানকার যান চলাচলের পরিস্থিতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন।
জানা গিয়েছে, এরপরই কলকাতা ট্রাফিক পুলিশ মেট্রো কর্তৃপক্ষকে চিংড়িঘাটায় বাইপাসের মাঝ বারবার পিলার নির্মাণের অনুমতি দেয়। বুধবার সেখানে কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) রুপেশ কুমার, ডিসি (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদব-সহ আরও অনেকে। সকলেই এই ব্যস্ততম মোড়ের পরীক্ষামূলক যান চলাচল দেখে খুশিই হন।
এরপর বুধবার দুপুর থেকেই কাজে লেগে পড়ে মেট্রো। জেসিবি যন্ত্র দিয়ে শুরু হয় খোঁড়াখুঁড়ির কাজ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ৪৫ দিন এই পিলার নির্মাণের জন্য ধরা হয়েছে। চিংড়িঘাটায় বাইপাসের মাঝ বরাবর প্রায় ১৬ মিটার জায়গা জুড়ে এই পিলারটি নির্মাণের কাজ চলবে। প্রথমে ৩০ দিন কাজের পর ১৬ মিটারের মধ্যে আট মিটার জায়গা খুলে দেওয়া হবে। তারপর আবার বাকি অংশের কাজ শুরু হবে।
উল্লেখ্য, বেলেঘাটা মেট্রো স্টেশনের পরে মেট্রোর লাইন পাতার কাজ দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। উল্টোদিকে মেট্রোপলিটন ঝিলপাড় পর্যন্ত এলিভেটেড লাইন পাতা ছিল। এবার মাঝের অংশের কাজে গতি আনতেই এই পিলার বসানোর কাজ শুরু হয়েছে। বেলেঘাটা স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত সংযুক্তিকরণের কাজ জোরকদমে চলছে। মেট্রো জানিয়েছে, সাড়ে ৩৫০ মিটার এই এলিভেটেড লাইন চিংড়িঘাটা উড়ালপুলের পাশ দিয়েই সমান্তরালভাবে যাবে।
বৈদিক ভিলেজের 'নির্যাতিতা'কে হুমকি! ভরা এজলাসে অভিযুক্তকে চেনালেন ধর্ষিতা তরুণী