
শেষ আপডেট: 18 March 2023 08:18
দ্য ওয়াল ব্যুরো: গণছাঁটাই শুরু হয়েছে গত বছর থেকেই। তারপর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে মেটার (Meta) অজস্র কর্মীকে বাদ দেওয়া (mass layoff) হয়েছে কাজ থেকে। সম্প্রতি নতুন করে আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন মেটা-প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। তারপরেই সংস্থার একটি মিটিংয়ে এই ব্যাপারে কর্মীদের প্রশ্নের (questioned) মুখে পড়তে হল স্বয়ং জুকারবার্গকেই।
মার্চের ১৪ তারিখ একটি ফেসবুক পোস্টে মার্ক জানান, আবার কোম্পানি থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। কোম্পানির বার্ষিক দক্ষতা নিয়ে আলোচনার সময় শুক্রবার তাঁকে কর্মী ছাঁটাই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। ১৬ মার্চ কর্মচারী সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে করা একটি মিটিংয়ে তিনি সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। এমনকী, তাঁর এই সিদ্ধান্তের পিছনে কী কারণ সেটাও জানিয়েছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ।
শুক্রবার মিটিংয়ে জুকারবার্গকে এক কর্মচারী প্রশ্ন করেন, এভাবে ছাঁটাই হতে থাকলে কীভাবে এই কোম্পানির নেতৃত্বকে ভরসা করবেন কর্মীরা? উত্তরে মার্ক জানান, মেটার পুনর্গঠনের জন্য এই উদ্যোগ প্রয়োজন। আর তাছাড়া তিনি চান তাঁর কোম্পানির কাজ এবং সততা দেখে মানুষ ভরসা করুক। শুধুমাত্র ছাঁটাই করে দেওয়া হচ্ছে, এটা দেখে নয়।
জুকারবার্গ আরও জানান, বছর শেষে একটি কোম্পানি কী কী কাজ করল এবং সেই কাজের কতটা প্রভাব পড়ল, সেটা দেখেই মানুষ এখানে কাজ করতে আসুক। এখন কর্মী ছাঁটাই করে আবার নতুন কর্মী নেওয়া, এটা পরবর্তীকালে আশানুরূপ ফল দেবে বলেই মনে করছেন তিনি। অন্য এক কর্মচারী তাঁকে প্রশ্ন করেন, কবে থেকে অফিসে এসে কাজ করতে হবে? উত্তরে তিনি বলেন, এখনও এই বিষয়ে কথা চলছে। নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে আসা হয়নি।
কিন্তু এই বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের ফলে মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে সংস্থার বাকি কর্মীদের। মিটিংয়ে সেই প্রসঙ্গও উত্থাপন করেন এক কর্মচারী। এর উত্তরে মেটার কর্ণধার বলেন, হ্যাঁ হয়তো কখন কী হচ্ছে সেই বিষয়ে একটা অনিশ্চয়তা কাজ করছে। তবে তার জন্য তো কাজ থেমে থাকবে না। সবটাই তো কোম্পানির ভালর জন্যই করা। সুতরাং, সবদিকটা বোঝার চেষ্টা করার পাশাপাশি কাজ ঠিকই চলতে থাকবে বলেই জানান মার্ক জুকারবার্গ।
জনপ্রিয় ইউটিউবার গ্রেফতার! পরিযায়ী শ্রমিকদের মার খাওয়ার ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ