দ্য ওয়াল ব্যুরো: মজার ঘটনা। পেলের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি, আবার মেসির নজির টপকে গেলেন সতীর্থ কিলিয়ান এমবাপে।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি ৪-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজকে। খেলায় দুটি করে গোল করেন মেসি ও এমবাপে। ম্যাচে তাঁদের যুগলবন্দী নজর কেড়েছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এক পা দিয়েই গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল পিএসজি। তবে হেরে গেলে বিপদ হতে পারতো তাদের। সেটি হতে দেননি মেসি-এমবাপেরা। সহজ জয়ে দলকে রানার্সআপ করেই নকআউটে পৌঁছে দিয়েছেন দুই তারকা।
নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে প্রথম গোল পেতে মাত্র ৭০ সেকেন্ড সময় লাগে পিএসজির। এরপর সাত মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। দুটি গোলই করেন এমবাপে। প্রথম গোলটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের ৩০তম। এই মাইলফলকে দ্রুততম ফুটবলার এমবাপে।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে মাত্র ২২ বছর ৩৫২ দিন বয়সেই ৩০ গোল করে ফেললেন ফ্রান্সের তরুণ তারকা। আগের রেকর্ডটি ছিল এমবাপের বর্তমান সতীর্থ ও একই ম্যাচে জোড়া গোল করা মেসির। তিনি ২৩ বছর ১৩১ দিন বয়সে ৩০ গোল করেছিলেন। একই দিনে এই জোড়া নজিরও দেখা গিয়েছে।
শুরুতেই এমবাপের জোড়া গোলের পর বিরতির আগেই স্কোরলাইন ৩-০ করেন মেসি। সতীর্থ এমবাপের পাস ধরে মাঝমাঠ থেকে ড্রিবল করে এগিয়ে যান প্রতিপক্ষের রক্ষণে। পরে ডি-বক্সে ঢোকার মুখে বাঁ পায়ের শটে বল জালে জড়ান।
এই গোলের সুবাদে পেলের সমান ৭৫৭ গোল হয়ে যায় মেসির। পরে ম্যাচের ৭৬ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন মেসি এবং ছাড়িয়ে যান পেলেকে। ডি-বক্সের মধ্যে মেসিকেই ফাউল করা হলে পেনাল্টি পায় পিএসজি। যেখান থেকে সহজেই স্কোরশিটে নাম তোলেন আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র।