দ্য ওয়াল ব্যুরো : বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তাঁর মৃত্যুতে উল্লাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ২১ বছর বয়সী জাওয়াদ খান (Jawad khan)। রাজস্থানের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করেছে টঙ্ক পুলিশ।
জেনারেল রাওয়াতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জাওয়াদ খান লিখেছিল, জাহান্নমে যাওয়ার আগেই তিনি আগুনে দগ্ধ হয়েছেন। পরে টঙ্ক পুলিশ টুইট করে বলে, জাওয়াদ খানের বাবার নাম আবদুল নক্কি খান। তাদের বাড়ি রাজ টকিজের কাছে। গত ৮ ডিসেম্বর পুলিশ জানতে পারে, সে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি আপত্তিকর মন্তব্য করেছে। তাকে গ্রেফতার করার জন্য চারটি টিম গঠিত হয়। গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাওয়াদ খানের ইনস্টাগ্রাম প্রোফাইলেও কয়েকটি আপত্তিকর ছবি দেখা গিয়েছে। জাওয়াদ তালিবান যোদ্ধাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। নিজেকে সে বলেছে, মুসলিম মৌলবাদী। গত ৬ ডিসেম্বর, অযোধ্যায় বিতর্কিত কাঠামো ধ্বংসের বর্ষপূর্তির দিন জাওয়াদ সোশ্যাল মিডিয়ায় লেখে, সে হিংসার পথে অযোধ্যায় বাবরি মসজিদ গঠন করতে চায়। কারণ এছাড়া আর কোনও উপায় নেই। জাওয়াদ মথুরার মুসলিমদের উদ্দেশে আহ্বান জানায়, তাঁরা যেন শাহি ইদগাহের জন্য হাতে অস্ত্র তুলে নেন।