
শেষ আপডেট: 2 February 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কোভিড আক্রান্ত। এদিকে জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা। কীভাবে ছেলে মাধ্যমিকে অংশ নেবে ভেবে পাচ্ছিলেন না বাবা-মা। মুশকিল আসান করতে এগিয়ে এল প্রশাসন। ওই ছাত্রকে হাসপাতালে বসে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করল শিক্ষা পর্ষদ। স্বাস্থ্যবিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যেই মাধ্যমিক দিল মহিষাদলের এক মাধ্যমিক পরীক্ষার্থী।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গোপালপুর হাইস্কুলের ছাত্র জয় চক্রবর্তী। বৃহস্পতিবার তার কোভিড ধরা পড়ে। সেই খবর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের কাছে পৌঁছালে স্বাস্থ্যবিধি মেনে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
জয়ের মা টুম্পা চক্রবর্তী বলেন, "কয়েকদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে চিকিৎসা করাই। মঙ্গলবার কোভিড টেস্ট করানো হয়। বৃহস্পতিবার রাতে পজেটিভ রিপোর্ট আসে। এতে আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টা জানাই। পরে হাসপাতাল ও প্রশাসন ছেলেকে মাধ্যমিক দেওয়ানোর ব্যবস্থা করিয়ে দিয়েছে। প্রশাসনের এই উদ্যোগে আমরা ভীষণ খুশি।"
মহিষাদল ব্লক স্বাস্থ্য আধিকারিক শাহরুখ আজাদ বলেন, "পজেটিভ রিপোর্ট জানতে পেরেই আমরা স্পেশাল রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।“