
শেষ আপডেট: 5 February 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের মামলার শুনানিতে আইনজীবীদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। অ্যাডভোকেট জেনারেল পর রাজ্যের পাবলিক প্রসিকিউটারের সমালোচনা করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
এক সময় অভিযুক্ত সুজয়কৃষ্ণের হয়ে সওয়াল করেছিলেন পাবলিক প্রসিকিউটার। তারপর তিনি এখন কীভাবে একই অভিযুক্তের মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন, সেই প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, আইনজীবীদের এই ভূমিকা একেবারেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিয়েছে এসএসকেএম হাসপাতাল। তাঁকে রিপোর্টে 'আনফিট' বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া জানান হয়েছে, তাঁর বুকে স্টেন আছে, যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে আইসিইউ-তে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র।
তবে এই রিপোর্ট হাতে পাওয়ার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি জানিয়েছে, তাঁরা তাঁদের বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে এই মেডিকেল রিপোর্ট পরীক্ষা করে দেখবে। আগামী ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।