
ফিরহাদ হাকিম - ফাইল চিত্র
শেষ আপডেট: 20 March 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তাঁর পাশে দাঁড়ান। মেয়রের বক্তব্য ছিল, বাড়ি বানানো একজন কাউন্সিলরের দেখার দায়িত্ব নয়, ইঞ্জিনিয়ারের দেখার দায়িত্ব। বুধবার কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকেই কড়া ধমক দিলেন ফিরহাদ হাকিম।
বুধবার বিল্ডিং বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং বিভাগের শোকজ হওয়া আধিকারিকদের মধ্যে এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বৈঠকের মাঝেই তিনি কার্যত ধমক দেন। তাঁকে বলতে শোনা যায়, ''হয় আপনি অপদার্থ, নয়তো চোর। পাশের আইনি বাড়িকে নোটিস দিলেন, আর বেআইনি নির্মাণ দেখতে পেলেন না? আপনার গাফিলতিতেই এত মৃত্যু!''
গার্ডেনরিচের ঘটনায় পুরসভা তথা মেয়রের বিরুদ্ধেই যাবতীয় ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। এতেই আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন খোদ মেয়র। তাই এদিনের বৈঠকে তিনি স্পষ্ট বলেন, বেআইনি নির্মাণ সংক্রান্ত আইন কড়াভাবে লাগু করতে হবে। কোনও বেআইনি নির্মাণে অনুমোদন যেন না দেওয়া হয়। এই প্রসঙ্গে তাঁর কড়া নির্দেশ, কোনও রাজনৈতিক ব্যক্তি বা নেতার কাছে মাথা নত করা চলবে না।
গার্ডেনরিচ ফিরহাদ হাকিমের নির্বাচন কেন্দ্র। সেখানেই একাধিক বেআইনি নির্মাণ কী করে হচ্ছিল তা নিয়েই যত প্রশ্ন। বিপর্যয়ের ঘটনায় জেরে আগেই পুরসভার বিল্ডিং বিভাগের চার অফিসারকে সরিয়ে দিয়েছেন মেয়র।। এঁদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বাকি তিন জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বুধবার বৈঠকে তিনি আরও বেশি ক্ষোভ প্রকাশ করলেন। গার্ডেনরিচের মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। বেআইনি নির্মাণ আটকাতে বিল্ডিং বিভাগের আধিকারিকদের জন্য ইতিমধ্যেই জারি হয়েছে নতুন নির্দেশিকাও।
পুরসভা সূত্রের খবর, বিল্ডিং বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এবার থেকে কাজের শুরুতে অর্থাৎ ডিউটির প্রথমার্ধে নিজেদের ওয়ার্ডে ঘুরবেন। কোথায়-কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে তা খতিয়ে দেখবেন। এরপর সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট বোরোতে জমা দিতে হবে। এই ইস্যুতে প্রথমে সব দায় বাম আমলের ঘাড়ে চাপিয়েছিলেন ফিরহাদ হাকিম। পরে অবশ্য কিছুটা অন্য সুরে তিনি বলেন, বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি।