দ্য ওয়াল ব্যুরো : সোমবারই লন্ডনে সাংবাদিক বৈঠক করে সাইবার বিশেষজ্ঞ সৈয়দ সুজা দাবি করেন, ২০১৪ সালের নির্বাচনে ইভিএম হ্যাকড হয়েছিল। সেজন্যই বিজেপির নরেন্দ্র মোদী জিতেছেন। তারপরেই ভারতে ইভিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিএসপি প্রধান মায়াবতী মঙ্গলবার দাবি করেছেন, আগামী লোকসভা নির্বাচন হোক ব্যালটে।
মঙ্গলবারই সৈয়দ সুজার দাবি উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের দাবি, ইভিএম হ্যাক করা সম্ভব নয়। কিন্তু মায়াবতী বলেছেন, ন’য়ের দশকে ইলেকট্রনিক ভোটযন্ত্র চালু হওয়ার আগে যেভাবে ব্যালটে ভোট হত, আগামী দিনেও সেভাবে ভোট হোক। বৃহত্তর স্বার্থেই ইভিএম বিতর্কের মীমাংসা করা উচিত। ব্যালট পেপারে দেখা যায়, কোথায় ভোট পড়ল। কিন্তু ইভিএমে দেখা যায় না। একই দাবি তুলেছেন আরও কয়েকজন বিরোধী নেতা।
উত্তরপ্রদেশে মায়াবতীর জোটসঙ্গী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন, কেউ যদি ইভিএম নিয়ে প্রশ্ন করে, তাহলে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা উচিত। আমাদের ভেবে দেখতে হবে, কেন জাপান প্রযুক্তিতে এত উন্নতি করা সত্ত্বেও ইভিএম ব্যবহার করে না। এটা কোনও রাজনৈতিক দলের প্রশ্ন নয়। গণতন্ত্রের ওপরে আস্থার প্রশ্ন। নির্বাচন কমিশন ও সরকারকে এসম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে।
অপর বিরোধী নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সরাসরি বলেন, গণতন্ত্রের পক্ষে এক বিরাট বিপদ হল ইভিএম। ভোটযন্ত্র বিকৃত করা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, তা সত্যিই বিপজ্জনক। নির্বাচন কমিশনের উচিত এসম্পর্কে রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া। ব্যালট সিস্টেমে ফিরে যাওয়া উচিত।
অন্যদিকে সরকার ইভিএমে কারচুপির কথা উড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ এই বিতর্কের জন্য দায়ী করেন কংগ্রেসকে। তাঁর প্রশ্ন, প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল এখন লন্ডনে কী করছেন?
রবিশংকর প্রসাদ বলেন, আমার ধারণা, তিনিই লন্ডনে গিয়ে পরিস্থিতির ওপরে নজর রাখছেন। ২০১৪ সালের জনাদেশকে অসম্মান করার জন্য কংগ্রেস ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে।
কংগ্রেস লন্ডনের ওই সাংবাদিক বৈঠকে যুক্ত থাকার অভিযোগ মানতে চায়নি। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, কপিল সিবাল এক সাংবাদিকের আমন্ত্রণে লন্ডনে গিয়েছেন। সাংবাদিক বৈঠকের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।
ইভিএমে কারচুপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, যে অভিযোগ করা হয়েছে, তা খুবই সিরিয়াস। এসম্পর্কে তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশনের উচিত, খোলা মন নিয়ে ব্যাপারটাকে দেখা।