
শেষ আপডেট: 28 February 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনও নারী কর্মচারী প্রতিষ্ঠানের স্থায়ী নাকি অস্থায়ী কর্মচারী, তার ভিত্তিতে কোনও ভেদাভেদ করা যাবে না। উভয় ক্ষেত্রেই কর্মচারীদের সমান সুবিধা প্রাপ্য।
কলকাতা হাইকোর্ট এক রায়ে এই অভিমত ব্যক্ত করেছে। বিচারপতি রাজা বসু রায় চৌধুরী সংশ্লিষ্ট রায়ে বলেছেন, এই ধরনের সুবিধা প্রধানে বৈষম্য সংবিধানের সমতার ধারণার পরিপন্থী।
এই মামলায় আবেদনকারী হলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একজন এক্সিকিউটিভ অফিসার যিনি ২০১১ থেকে '১৬ পর্যন্ত অস্থায়ী হিসাবে কর্মরত ছিলেন। ২০১৬ তে তিনি অন্তঃসত্ত্বা হলে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে ছয় মাসের ছুটি মঞ্জুর করে। কিন্তু বেতন দেয়নি।
বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। জানানো হয়, তিনি যেহেতু অস্থায়ী পদে কর্মরত তাই থাকে সবেতন ছুটি দেওয়া যাবে না।
সেই মহিলা হাইকোর্টে মামলা করলে চলতি সপ্তাহে বিচারপতি বসু রায় চৌধুরী রিজার্ভ ব্যাংকের কলকাতা অফিসকে নির্দেশ দিয়েছে, মামলাকারীকে ছয় মাসের বেতন সুদ সহ মিটিয়ে দিতে হবে।
বিচারপতি বসু রায় চৌধুরী তাঁর রায়ে বলেছেন, আরবিআইয়ের সিদ্ধান্ত ১৯৬১ সালের মেটারনিটি বেনিফিট আইনের পরিপন্থী। ওই আইনে কর্মচারী স্থায়ী, নাকি অস্থায়ী পদে চাকরি করেন তার উপর সুবিধা প্রদানের মাপকাঠি বদলের কোনও সুযোগ নেই।
নারীর অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে কলকাতা হাইকোর্টের রায় মহিলাদের অধিকার রক্ষায় বড় পদক্ষেপ। বহু প্রতিষ্ঠান এই ধরনের বৈষম্য করে থাকে। হাইকোর্ট বলেছে, রায় সরকারি এবং বেসরকারি, দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে।