খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা খতিয়ে দেখে। দম্পতির দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

শেষ আপডেট: 3 January 2026 13:11
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাড়ির দরজায় বেল বাজিয়ে গৃহস্থের বাড়িতে ঢোকার ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু শেষ পর্যন্ত কর্তা গিন্নির বুদ্ধি আর সাহসে পিছু হটতে হল তাঁদের। ।
মগরা থানার দিগসুই গ্রামের বাসিন্দা গ্রামীণ চিকিৎসক সোমনাথ ঘোষ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় তিন দুষ্কৃতী। বাড়ির কলিং বেল বাজায়। কোনও রোগী এসেছে ভেবে দরজা ফাঁক করতেই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র তাক করে। বুঝতে পেরে গৃহকর্তা তাঁর হাত চেপে ধরেন। এ সময় গ্যাসে চায়ের জল বসিয়েছিলেন বাড়ির কর্ত্রী চিকিৎসকের স্ত্রী ইন্দিরা ঘোষ। চেঁচামেচির শব্দ পেয়ে কিছু একটা গন্ডোগোল হচ্ছে আন্দাজ করেন। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের লক্ষ্য করে গরম জল ছিটিয়ে দেন। তাতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
সোমনাথবাবু বলেন, "রাত আটটা দশ নাগাদ লোডশেডিং হয়। এই সময় কলিংবেল বাজে। মাঝেমধ্যে এই সময় অনেক রোগীও আসে। আমি উঠে গিয়ে চাবির গর্ত দিয়ে দেখি তিনজন দাঁড়িয়ে আছে। রোগী এসেছে ভেবে আমি দরজাটা একটুখানি খুলি। সঙ্গে সঙ্গে একটা ছেলে আগ্নেয়াস্ত্র বের করে। দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে। আমি মরিয়া হয়ে ওর হাতটা চেপে ধরি। আমার স্ত্রী তখন চা করছিল। ও ব্যাপারটা বুঝতে পেরে গরম জল নিয়ে এসে ওদের উপর ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ওরা পালিয়ে যায়।''
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা খতিয়ে দেখে। দম্পতির দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।