
শেষ আপডেট: 17 June 2023 17:49
দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারে (Burrabazar) কাপড়ের দোকানে আগুন (Fire Breaks Out) লাগল। খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর শনিবার রাত ১১টা অবধি জানা যায়নি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ দিন রাত সাড়ে ৮টা নাগাদ বড়বাজারের ৪৬, কটন স্ট্রিটে একটি জামা-কাপড়ের দোকানে আগুন (Fire) লাগে। দোকানে ঠাসা জামা-কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে যাবার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বড়বাজারের মতো ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলে।
অতীতে নন্দরাম মার্কেট-সহ একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বড়বাজারে। ফের আগুন লাগায় চিন্তা বেডে়ছে। জানা গেছে, কাপড়ের দোকানে যখন আগুন লাগে তখন ভেতরে কেউ ছিল না। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চায়েত: বাংলায় পুলিশ পাঠাতে রাজি তিন রাজ্য, সুপ্রিম কোর্টে বড় কৌশল নিয়ে যাচ্ছে নবান্ন