
শেষ আপডেট: 18 August 2023 03:04
দ্য ওয়াল ব্যুরো: টুইটার কর্তা ইলন মাস্কের (Elon Mask) সঙ্গে সম্মুখ সমরে নামবেন কিনা জানা যায়নি। তবে নিজেকে একেবারে ফিট এবং শক্তিশালী করছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। মাস্ক তেমনভাবে শরীরচর্চা না করলেও, জুকারবার্গ কিন্তু খুব ডাকাবুকো। মার্শাল আর্টের প্যাঁচ-পয়জার জানেন তিনি, জুজুৎসুর প্যাঁচে ঘায়েল করতে পারেন প্রতিপক্ষকে। ইদানীং খাওয়াদাওয়াতেও বিশেষ নজর দিচ্ছেন তিনি। সারাদিনে প্রায় চার হাজার ক্যালোরি রাখছেন নিজের ডায়েটে।
ইলন মাস্ক সম্প্রতি ওজন ঝরিয়ে স্লিম হয়েছে। জুকারবার্গের (Mark Zuckerberg) আগাগোড়াই নির্মেদ চেহারা। বরং তাঁর গড়ন একটু রোগার দিকেই। তাই এখন নাকি কোনওভাবেই ওজন কমাতে চান না তিনি। মেটা ও থ্রেডস কর্তা সাফ জানিয়েছেন, ওজন কমে গেলে চলবে না। এখন রীতিমতো চার হাজার ক্যালোরি করে সারাদিনের খাবারে রাখছেন তিনি। ম্যাকডোনাল্ডস থেকে সাজিয়ে গুছিয়ে তাঁর খাবার আসছে। জাঙ্ক ফুডও খাচ্ছেন জুকারবার্গ (Mark Zuckerberg)। সেই সঙ্গে শরীরচর্চাও করে যাচ্ছেন। কিন্তু কেন এত জাঙ্ক ফুড খাচ্ছেন জুকারবার্গ সে কারণ খোলসা করেননি তিনি। চার হাজার ক্যালোরির ডায়েটে যদি গাদা গাদা জাঙ্ক ফুড খান, তাহলে তার প্রভাব কী হবে, সে নিয়েও কিছু বলেননি তিনি।
মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg) কী কী পাঠাচ্ছে ম্যাড-ডোনাল্ডস? ২০ খানা নাগেটস, ম্যাকডোনাল্ডসের সুস্বাদু কোয়ার্টার পাউন্ডার, লার্জ ফ্রাই, ওরিও ম্যাকফ্লারি, অ্যাপেল পাই, চিজবার্গারের সঙ্গে আরও অনেক কিছু।
সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্কের লড়াইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মেটা সিইও মার্ক জুকারবার্গ। আসলে নিজের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে ইলন মাস্ক জুকেরবার্গকে লড়াইতে অংশ নিতে চ্যালেঞ্জ করেছিল। সকলেই সেটিকে মজার ছলেই নিয়েছিল। কিন্তু দেখা যায়, সেটি চোখ এড়ায়নি মার্ক জুকারবার্গের। তিনি ওই স্টোরিটিকে ইন্সটাগ্রামে দিয়ে বলেন, 'আমাকে লোকেশন জানিয়ে দাও।' অর্থাৎ মার্ক জুকারবার্গ যে লড়াইয়ের জন্য প্রস্তুত তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাল্টা উত্তরে ইলন মাস্ক বলেছিলেন ভেগাস অক্টাগন। এই ভেগাস অক্টাগন হল রিং-এর মতো ঘেরা খাঁচা। এই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী একে অপরকে কিল, চড়, ঘুঁষি, ক্যারাটের প্যাঁচ পয়জারে ঘায়েল করতে পারেন। লড়াই করার সবরকম পদ্ধতিই প্রয়োগ করা যায় ওই খাঁচায়। কোনও কিছুই বাদ যায় না সেই লড়াইতে।
মাস্ক বনাম জুকারবার্গ লড়াই কবে হবে বা হবে কিনা তা এখনও জানা যায়নি। কারণ কিছুদিন আগেই শোনা গিয়েছিল জুকারবার্গ নাকি লড়তে চাননি, তাতে মাস্ক বলেছিলেন 'জুকারবার্গ একটা মুরগি!' কিন্তু তাও লড়াই করার প্রস্তুতি রাখছেন জুকারবার্গ। কসরত কিছু কম করছেন না। তিনি নাকি রোজ এক মাইল দৌড়োচ্ছেন, ১০০টা পুল-আপ, ২০০ টা পুশ-আপ, ৩০০টা স্কোয়াট করছেন। ওজনও তুলছেন। এর পরে মার্শাল আর্টের নানা প্যাঁচ-পয়জার অভ্যাস করছেন। ব্রাজিলীয় জুজুৎসু, থাইল্যান্ডের বক্সিং অ্য়াসোসিয়েশনের বিখ্যাত মুয়ে থাই-তেও হাত পাকিয়েছেন জুকারবার্গ। খুবই কঠিন এই মার্শাল আর্টেও বেশ আগ্রহ জন্মেছে ফেসবুক কর্তার।