
শেষ আপডেট: 16 July 2022 06:04
দ্য ওয়াল ব্যুরো: মা হলেন বিশ্বের প্রাক্তন টেনিস তারকা মরিয়া শারাপোভা (Maria Sharapova)। নিজেই সেই খবর তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শুক্রবার, সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন (New born Baby)। এমনকি নামও ঠিক করে ফেলেছেন তার।
পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন শারাপোভা এবং ৪৩ বছর বয়সী ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেস ২০২০ সালের ডিসেম্বরে তাঁদের বাগদানের কথা জানিয়েছিলেন। ওই বছরই গোড়ার দিকে টেনিস কোর্টকে বিদায় জানিয়েছিলেন।
শুক্রবার শারাপোভা আলেকজান্ডার গিলকেস ও তাঁর একটি ছবি পোস্ট করেন। তাতেই দেখা যায় একটা ফুটফুটে বাচ্চাকে তাঁরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। ছবি দেখেই বলার অবকাশ রাখে না যে, মা হয়েছেন টেনিস সুন্দরী।
নিজের ৩৫ তম জন্মদিনে সুখবর শুনিয়েছিলেন বিশ্বের প্রাক্তন টেনিস তারকা। জানিয়েছিলেন তিনি মা হচ্ছেন। তার তিন মাসের মাথায় পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি।
কী নাম রাখলেন পুত্র সন্তানের?
শারাপোভা তাঁর পোস্টেই জানিয়েছেন তাঁর ছেলের নাম। নবজাতকের নাম রেখেছেন থিওডোর (Theodore)। এমনকি জন্মের তারিখও উল্লেখ করেছেন নিজের পোস্টে। রোমান হরফে লেখা সংখ্যা থেকে স্পষ্ট, থিওডোরের জন্ম চলতি মাসের ১ তারিখ। অর্থাৎ ১ জুলাই, ২০২২।