
ফাইল ছবি
শেষ আপডেট: 13 September 2024 16:06
দ্য ওয়াল ব্যুরো: শনিবার এবং রবিবার অফিসযাত্রীদের চাপ কিছুটা হলেও কম থাকে ট্রেনে। কিন্তু এমনিতে বহু মানুষই ট্রেনে যাতায়াত করেন। তবে আগামী দু'দিন ভোগান্তির মধ্যে পড়তে পারেন তাঁরা। কারণ শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল করা হচ্ছে বলে সূত্রের খবর।
শিয়ালদহ-বনগাঁ শাখার বহু ট্রেন বাতিল করার পাশাপাশি একাধিক ট্রেনের রুট সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। কারণ বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে লাইনে মেরামতির কাজ হবে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত এই কাজ চলবে। তার জেরেই বাতিল করা হচ্ছে মোট ৩৮টি লোকাল ট্রেন।
বাতিল ট্রেনের সংখ্যা শনিবার কম। মাত্র দুটি ট্রেন চলবে না এই দিন। শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন) এবং হাসনাবাদ-শিয়ালদহ (আপ-ডাউন)। তবে রবিবার দত্তপুকুর-শিয়ালদহ (আপ-ডাউন) থেকে শুরু করে বনগাঁ-মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর-নামখানা (আপ-ডাউন), বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-মধ্যমগ্রাম, হাবরা-শিয়ালদহ সহ আরও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
অন্যদিকে, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-গোবরডাঙ্গা, মাঝেরহাট-দত্তপুকুর, শিয়ালদহ-দত্তপুকুরের ট্রেনগুলির রুট বদল করে দেওয়া হয়েছে। তাই সপ্তাহান্তে ট্রেনে উঠে কিছুটা তো ভুগতেই হবে আম যাত্রীদের।
গত জুলাই মাস থেকেই শিয়ালদহের সব প্ল্যাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে গেছে। ১২ বগির বদলে ৯ বগির ট্রেন চলায় স্বাভাবিকভাবেই ব্যস্ত সময়ে বহু যাত্রী ট্রেনে উঠতে পারতেন না ভিড়ের ঠেলায়। বয়স্ক এবং শিশুদের নিয়ে যে আলাদা করে সমস্যা হত তা বলাই বাহুল্য। কিন্তু এখন সব প্ল্যাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়ায় সব যাত্রীদের সুবিধা হচ্ছে। কিন্তু লাইন মেরামতির কাজ হলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে এটাই স্বাভাবিক।