
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 August 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: আবার সপ্তাহান্তে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। একই সঙ্গে যাত্রাপথ পরিবর্তন বা সংক্ষিপ্ত করা হচ্ছে কিছু ট্রেনের। ফলে সপ্তাহান্তে ফের ভোগান্তির মুখোমুখি হতে হবে যাত্রীদের।
পূর্ব রেল জানিয়েছে, দমদম জংশনে ডাউন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেকারণেই শনি ও রবিবার শিয়ালদহ বিভাগের একাধিক ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে এও বলা হয়েছে, যাত্রীরা যাতে দুর্ভোগের মধ্যে না পড়েন তাই আগাম ঘোষণা।
রেল সূত্রে জানা গেছে, শনিবার রাতে শিয়ালদহ-ডানকুনি ৩২২৪৯ আপ এবং ৩২২৫২ ডাউন লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে শনিবার বনগাঁ-শিয়ালদহ ৩৩৮৬০ ডাউন লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসতে যাত্রাপথ শেষ করবে এবং শিয়ালদহ-বনগাঁ ৩৩৮৬৩ আপ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত থেকে ছাড়বে।
রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-বনগাঁ ৩৩৮১১ আপ, ৩৩৮১৭, ৩৩৮৩৪, ৩৩৮২৬ ডাউন লোকাল, শিয়ালদহ-হাসনাবাদ ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন লোকাল, শিয়ালদহ-ডানকুনি ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ আপ লোকাল, শিয়ালদহ-দত্তপুকুর ৩৩৬১২, ৩৩৬১৬ ডাউন লোকাল এবং শিয়ালদহ-নৈহাটি ৩১৪২২ ডাউন লোকাল।
রবিবারও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বজবজ-নৈহাটি ৩১০৫১ আপ লোকাল নৈহাটির পরিবর্তে র্শিয়ালদহ (দক্ষিণ) পর্যন্ত চলবে এবং নৈহাটি-বজবজ ৩১০৫২ ডাউন লোকাল বজবজের পরিবর্তে শিয়ালদহ (উত্তর) পর্যন্ত চলবে। এছাড়াও শিয়ালদহ-বনগাঁ এবং হাসনাবাদ-শিয়ালদহ রুটের একাধিক আপ ও ডাউন লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
সময় পরিবরর্তন করা হয়েছে কিছু দুুরপাল্লার ট্রেনেরও। শনিবার, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (২২২০২ ডাউন) পুরী থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের বদলে আড়াই ঘণ্টা দেরিতে রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। একইভাবে বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৮), হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল (১২৩৪৪), এবং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসের (১২৩৭৮) যাত্রাপথ বদল করা হয়েছে।
প্রসঙ্গত, রক্ষণাবেক্ষণের কারণে এর আগেও গত কয়েকমাসে একাধিকবার বহু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছিল পূর্ব রেল। যাত্রীদের অভিযোগ, তাতেও সমস্যার সুরাহা কিছু হয়নি। বরং আগের চেয়ে এখন প্রায় প্রতিটি ট্রেন গড়ে ৩০ থেকে ৪৫মিনিট দেরিতে চলছে। কবে ট্রেন ঘড়ির সময় মেনে চলবে, এই প্রশ্নও সামনে আনছেন নিত্যযাত্রীরা।