
প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 August 2024 07:46
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ, বুধবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বাংলা বনধ। ভবানীপুরে সকাল থেকে রাস্তায় অগ্নিমিত্রা পাল। গাড়ি না চালাতে অনুরোধ করেন চালকদের।
বনধ সমর্থকদের রুখতে হাওড়া, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সকালের দিকে বনধের তেমন কোনও প্রভাব পড়েনি। রাস্তায় বাস চলাচল করছে, দোকানপাটও খুলেছে। বাজারেও বনধের তেমন কোনও প্রভাব পড়েনি।
সকালে পাওয়া খবরে জানা গিয়েছে, শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলেছে বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ।
ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে। ফলে বাস ও অটোতে অতিরিক্ত ভিড়।
সকালেই রেল অবরোধ হয়েছে হুগলি স্টেশনে। হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকায় বিজেপির কর্মী-সমর্থকেরা। রেললাইনে শুয়ে পড়ায় কিছুক্ষণের জন্য লোকাল ছাড়তে দেরি করে। সকাল ৬টা নাগাদ বনগাঁ উত্তরের বিধায়কের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা আসেন বনগাঁ স্টেশনে। তারপর তারা রেল স্টেশনে অবরোধ করে দেন।