
শেষ আপডেট: 3 November 2023 16:46
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বিশ্বকাপে আগামী রবিবার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের টিকিট নিয়ে চারদিকে হাহাকার। টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে না। এমনটাই অভিযোগ। কিন্তু এত টিকিট গেল কোথায়? রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বললেন, “এই প্রশ্নের উত্তর একমাত্র ব্যোমকেশ বক্সী দিতে পারবেন।”
ইডেনে এই হাইপ্রোফাইল ম্যাচের টিকিট নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে হাহাকার। সিএবির সদস্যরাও টিকিট পাচ্ছেন না জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ প্রসঙ্গে এদিন মনোজ তিওয়ারি বলেন, “টিকিট কোথায় গেল সেই প্রশ্নের উত্তর একমাত্র ব্যোমকেশ বক্সী দিতে পারবেন। সিএবি একটি স্বশাসিত সংস্থা। এর সঙ্গে রাজ্য সরকারের কোনও লেনদেন নেই। বিজেপি শাসিত রাজ্যে ক্রিকেট বোর্ডের সদস্য বিজেপি নেতারা। কিন্তু এখানে সেই ব্যাপার নেই। টিকিট কোথায় গেল সেটা সিএবি সভাপতি বলতে পারবেন। আমি তাঁকে অনুরোধ করছি যাতে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন।”
কলকাতার সর্বত্র এখন একটাই দাবি ঘোরাফেরা করছে, 'রবিবারের ম্যাচে টিকিট চাই!' কিন্তু টিকিট কই? সিএবি-র সামনে চলছে লাগাতার বিক্ষোভ। রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট অনলাইনে যে মাধ্যমে বিক্রির কথা, সেখানে অনেক আগেই 'সোল্ড আউট' বোর্ড ঝোলানো। এই পরিস্থিতিতে টিকিটের কালোবাজারি তুঙ্গে উঠেছে। দিন দুয়েক আগেই কলকাতা পুলিশ টিকিটের কালোবাজারির জন্য কয়েকজন কারবারিকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত কথা হয়েছে বেশকিছু টিকিট। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ব্ল্যাকারদের দৌরাত্ম্য বাড়ছে!
টিকিটের কালোবাজারি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পরেই আসে ম্যাচে কে ফেবারিট সেই প্রসঙ্গ। তাঁর কথায়, “ভারত- দক্ষিণ আফ্রিকা ম্যাচে টস একটা ফ্যাক্টর হতে পারে। শীত পড়ছে। মাঠে শিশির পড়লে বল হাতে ধরতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আগে যারা ব্যাট করবে তারা সুবিধা পেতে পারে। তবে দুটো দলই ভালো খেলছে। ভারতীয় হিসাবে চাইব ভারত জিতুক।”