
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 March 2025 22:59
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Election Officer) হলেন মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। আরিজ আফতাবের অবসর নেওয়ার তিন মাস পর তাঁকে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এতদিন ওই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবার পূর্ণ সময়ের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে ১৯৯০ ব্যাচের আইএএস অফিসারকে নিয়োগের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন।
আগামী বছর পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা ভোট। সেই ভোট সামলানোই হতে চলে মনোজ কুমার আগরওয়ালের গুরুদায়িত্ব। বর্তমানে বন দফতরের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন মনোজ। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তিনি শুধুমাত্র রাজ্য নির্বাচন দফতরের দায়িত্ব সামলাবেন।
২০১৯, ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালে রাজ্যের বিধানসভা ভোট পরিচালনা করেছেন আরিজ আফতাব। তিনি অবসর নেওয়ার পর আগামী বছরের ভোটের দায়িত্ব কার কাঁধে পড়বে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিগত কয়েক মাস ধরে কাউকে এই পদে আনা হচ্ছিল না তাই জল্পনা আরও বাড়ছিল। অবশেষে শুক্রবার মনোজ কুমার আগরওয়ালের নাম ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।
নিয়ম অনুযায়ী, সিইও পদের জন্য রাজ্যকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে এক জনকে সিইও হিসাবে বেছে নেয় নির্বাচন কমিশন। বিগত ৮ বছর ধরে তিনি রাজ্যের 'সিইও' পদে ছিলেন। এবার তাঁর জায়গায় এলেন এই আইএএস অফিসার।