মনমোহন সিংহের হার্টের সমস্যা দীর্ঘদিনের, দু’বার জটিল বাইপাস সার্জারি হয়েছে, একবার অ্যানজিওপ্লাস্টি
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের হার্ট তথা হৃদপিণ্ডের সমস্যা দীর্ঘদিনের।
প্রথমবার তাঁর হৃদপিণ্ডে বড় ধরনের অপারেশন হয় নব্বইয়ের দশকের গোড়ায়। সে বার অস্ত্রোপচার হয়েছিল লন্ডনে। প্রায় ত্রিশ বছর আগে। তখনও তাঁর বয়স ষাট পেরো
শেষ আপডেট: 10 May 2020 17:30
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের হার্ট তথা হৃদপিণ্ডের সমস্যা দীর্ঘদিনের।
প্রথমবার তাঁর হৃদপিণ্ডে বড় ধরনের অপারেশন হয় নব্বইয়ের দশকের গোড়ায়। সে বার অস্ত্রোপচার হয়েছিল লন্ডনে। প্রায় ত্রিশ বছর আগে। তখনও তাঁর বয়স ষাট পেরোয়নি, কেন্দ্রে নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী তিনি। সে বারও বাইপাস সার্জারি হয়েছিল তাঁর। মনমোহনের শরীরের অন্য স্থান থেকে শিরা নিয়ে তাঁর হৃদপিণ্ডের ধমনীতে প্রতিস্থাপন করা হয়েছিল। তার মাধ্যমে ‘আথেরোসক্লেরোটিক ন্যারোওয়িং’ বাইপাস করা হয়। যাতে হৃদপিণ্ডের পেশীতে রক্তের সঞ্চালন বাড়ে।
পরে ২০০৩ সালে তাঁকে একবার অ্যানজিওপ্লাস্টি করাতে হয়েছিল। তার পর ৬ বছর সুস্থই ছিলেন তিনি। পরের বছর ২০০৪ সালে লোকসভা ভোটের পর কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার গঠিত হয়। তখন কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী মনমোহন।
কিন্তু ২০০৯ সালে লোকসভা ভোটের ঠিক আগে তাঁর হৃদপিণ্ডে ফের সমস্যা দেখা দেয়। বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হন তিনি। তখন সমস্যা ছিল বেশ গুরুতর। সে বছর জানুয়ারি মাসের ২৪ তারিখ নয়াদিল্লির এইমস হাসপাতালে তাঁর ফের বাইপাস সার্জারি হয়।
মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটের তৎকালীন অন্যতম হার্ট সার্জেন ডাঃ রমাকান্ত পণ্ডার নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম তাঁর হৃদপিণ্ডে অস্ত্রোপচার করেন। সে বার তাঁর অপারেশন হয়েছিল ১৪ ঘন্টা ধরে। সকাল সওয়া ৭টায় শুরু হয়ে সেই জটিল অস্ত্রোপচার শেষ হয় রাত প্রায় ৯টায়। সেই প্রথম এইমসে বিটিং হার্টের অপারেশন হয় কোনও রোগীর। অর্থাৎ অস্ত্রোপচারের সময় হদস্পন্দন চলতে থাকে।
প্রধানমন্ত্রীর তৎকালীন মিডিয়া উপদেষ্টা দীপক সান্ধু রাত সাড়ে ৯টা নাগাদ বাইরে অপেক্ষমান সাংবাদিকদের জানিয়েছিলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। রাত ৮টা ৫৫ মিনিটে অপারেশন থিয়েটার থেকে মনমোহন সিংহকে নিয়ে যাওয়া হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
পরে এশিয়া হার্ট ফাউন্ডেশনের তৎকালীন ডিরেক্টর তথা কার্ডিও ভাসকুলার থোরাসিক সার্জেন সুধীর বৈষ্ণব মুম্বইতে জানিয়েছিলেন, অস্ত্রোপচার ষোল আনা সফল হয়েছিলেন। যা করতে চাওয়া হয়েছিল, তা সঠিক ভাবে করা সম্ভব হয়েছে।
সুধীর অবশ্য তখন এইমসে ছিলেন না। কিন্তু মুম্বইতে বসেই ডাঃ পাণ্ডার সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি।
তিনি এও জানিয়েছিলেন, যে হেতু মনমোহন সিংহের হৃদপিণ্ডে এই নিয়ে দ্বিতীয়বার বাইপাস সার্জারি করতে হয়েছে, সেই কারণেই দীর্ঘ সময় লেগেছে। তা লাগারই কথা ছিল। কারণ, বিলেতে প্রথমবার বাইপাস সার্জারির সময় মনমোহনের শরীরের অন্য স্থান থেকে শিরা নিয়ে হৃদপিণ্ডের ধমনীতে যে প্রতিস্থাপন করা হয়েছিল, তা দ্বিতীয়বারের অপারেশনে সরিয়ে দেওয়া হয়। তাতেই সময় বেশি লাগে।
রবিবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী বুকে ব্যাথা অনুভব করার পর তাঁকে এইমসে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এইমসের মুখপাত্র জানিয়েছেন, প্রাইভেট ওয়ার্ডে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখতে হয়নি।