
শেষ আপডেট: 17 March 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারও জামিন পেলেন না দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। এদিন আদালত এই আপ নেতাকে আরও ৫ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিল। ৭ দিনের হেফাজত চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে আদালত ৫ দিন হেফাজত মঞ্জুর করে।
প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি নিয়ে চাপানউতোর চলছে রাজধানীর রাজনীতিতে। দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনার নির্দেশে সিবিআই রাজ্যের আম আদমি সরকারের আবগারি নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও একই মামলায় তদন্ত শুরু করেছে।
এই দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই ও ইডির দাবি, এই দুর্নীতির শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই মামলাতেই মণীশকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করে সিবিআই।
জেল হেফাজতে থাকার সময়ই মণীশকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে তাদের হেফাজতেই রয়েছেন মণীশ। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাঁকে। সেখানে ইডির তরফ থেকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়।
এদিন ইডির তরফ থেকে আরও জানানো হয়, আবগারি দুর্নীতির সময় মণীশ একাধিক ফোন ব্যবহার করেছেন বলে প্রমাণ মিলেছে। যদিও কেন এত ফোন তিনি ব্যবহার করেছেন তার কোনও সদুত্তর মেলেনি। এই নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে জানায় ইডি।
ভিনরাজ্যে গিয়ে লটারিতে ৭৫ লাখ জিতেই থানায় ছুটলেন বাংলার যুবক! কিন্তু কেন