
শেষ আপডেট: 10 March 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদ কাণ্ডে মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার দিল্লি কোর্টে মণীশের জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
মদ কাণ্ডে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। দু'দফায় সিবিআই হেফাজতে থাকার পর ৬ মার্চ জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেদিন থেকেই তিনি তিহাড় জেলে ছিলেন। তবে বৃহস্পতিবার এই একই মামলায় জেলে গিয়ে দফায় দফায় জেরা করে ইডি। তারপরই বিকেলের দিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দিল্লির বিশেষ আদালতে মণীশের মামলার শুনানিতে ইডি জানায়, এই দুর্নীতিতে নতুন অনেক তথ্য মিলেছে। সেই তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আরও জানায়, প্রায় ২৯২ কোটি টাকা আর্থিক তছরুপ ঘটেছে এই দুর্নীতিতে।
আদালতে ইডির আইনজীবী জানান, 'এই দুর্নীতির তদন্তে অনেক অফিসারকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। আমরা চাই তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করতে।' শুধু তাই নয়, এই মামলায় এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে মণীশকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আদালতে জানিয়েছে ইডি।
যদিও এদিন আদালতে মণীশের পক্ষের আইনজীবী জানান, বেআইনিভাবে তাঁর মক্কেলকে গ্রেফতার করেছে ইডি। দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারক ইডি হেফাজতের নির্দেশ দেন।