
শেষ আপডেট: 27 February 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে (Manish Sisodia) ৪ মার্চ পর্যন্ত সিবিআই (CBI) হেফাজতে (custody) রাখার নির্দেশ দিল দিল্লির আদালত। সোমবার তাঁকে দিল্লির সিবিআই আদালতে তোলা হয়। রবিবার দিল্লির মদনীতি মামলায় সিবিআই গ্রেফতার করে সিসোদিয়াকে। তিনিই দিল্লি সরকারের আবগারি মন্ত্রী।
আদালতে সিবিআই সোমবার বলে, দিল্লির উপ মুখ্যমন্ত্রী মদ নীতি সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত। প্রমাণ লোপাটে তিনি নানা ভাবে চেষ্টা চালিয়েছেন। একাধিকবার মোবাইলের সেট বদল করেছেন। লোপাট করেছেন একাধিক ফাইল। তাঁকে জেরা করে অনিয়মের গোড়ায় পৌঁছতে চান তদন্তকারীরা।
সিসোদিয়ার আইনজীবীরা সিবিআইয়ের আর্জি বিরোধিতা করে বলেন, ধৃত একজন মন্ত্রী। তাঁর পালিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। তাছাড়া সিবিআই যতবার ডেকেছে ততবার মণীশ তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। ফলে হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। সিবিআই বলে, মণীশ তদন্তকে বিপথে চালিত করেছেন।
বিচারক সিবিআইয়ের দাবি মেনে দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে ৪ মার্চ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেন।
জ্বরে মৃত্যু হুগলির শিশুর, অ্যাডিনো ভাইরাস পজেটিভ ছিল বলে পরিবারের দাবি