
শেষ আপডেট: 21 July 2023 16:51
দ্য ওয়াল ব্যুরো: দুই গণধর্ষিতা মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ঘটনার ভিডিও (Manipur video) সামনে আসার পরে দেশজুড়ে তোলপাড় পড়ে গেছে। কিন্তু যেটা জানার পরে সকলে আরও চমকে উঠছেন, তা হল, গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই জঘন্য ঘটনাটি যেখানে ঘটেছে, তার এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত দেশের সেরা পুলিশ স্টেশনটি (best police station of India)!
প্রতি বছর সরকারি ভাবে দেশের একটি করে থানা নির্বাচিত করা হয়, সবচেয়ে ভাল কাজ ও অন্যান্য নানা মাপকাঠির নিরিখে। দেশের সেরা থানা হিসেবে চিহ্নিত করা হয় সেটিকে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয় সেই থানার নাম। যে যে মাপকাঠিতে থানার সেরা পারফরমেন্স বিচার করা হয়, তার মধ্যে অন্যতম হল মহিলাদের বিরুদ্ধে অন্যায়ে সেই থানা কতটা ভাল কাজ করেছে।
২০২০ সালে এই সব নিরিখেই দেশের সেরা থানা বলে ঘোষিত হয়েছিল কাংপোকপি জেলার নংপক সেকমাই থানা। সেই থানার এক কিলোমিটার দূরত্বের মধ্যেই মাস আড়াই আগে ঘটে গেছে দেশের সবচেয়ে লজ্জাজনক ঘটনা। একদল উন্মত্ত লোক দুই মহিলাকে নগ্ন করে হাঁটিয়েছে রাস্তায়, সেই দৃশ্যের ভিডিও শ্যুট করেছে মোবাইলে, আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিও খুঁটিয়ে দেখেই ঘটনাস্থলটি চিহ্নিত করা হয়েছে নিশ্চিত ভাবে। আর তাতেই জানা গেছে, লজ্জায় মুখ ঢাকার মতো অবস্থা হয়েছে সেই 'সেরা থানা'র। শুধু তাই নয়, সবচেয়ে দুর্ভাগ্যজনক হল আড়াই মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনার খবর এতদিন জানতেই পারেনি মণিপুরে বিজেপি সরকার। বুধবার সেই ভিডিও (manipur video) ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে।
ইতিমধ্যেই এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ভিডিও দেখে চিহ্নিত করে। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য হিংসার আবহে লুকিয়ে পড়েছিলেন বনে। পুলিশ তাঁদের উদ্ধার করলেও পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর দুই মহিলাকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। তাঁদের গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান।
ঘটনার দেড় মাস পরে ২১ জুন এই অভিযোগ দায়ের করা হয় পুলিশে। তারও প্রায় এক মাস পরে প্রকাশ্যে এল গোটা ঘটনা এবং ধরা পড়ল অভিযুক্তরা।
মণিপুরের গণধর্ষিতার স্বামী কার্গিল যুদ্ধে ভারতের সেনা ছিলেন! স্ত্রীকে বাঁচাতে পারলেন না