
শেষ আপডেট: 11 October 2023 20:29
দ্য ওয়াল ব্যুরো: স্কুল এবং ক্লাবের মাধ্যমে কোটি টাকা সরিয়েছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের এই দাবি করে ফের মানিক পুত্রের জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কীভাবে মানিক পুত্র নিয়োগ দুর্নীতির টাকা সরিয়েছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে এদিন ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন ইডির আইনজীবী। আদালতে ইডির তরফে দাবি করা হয়, “নিয়োগ দুর্নীতির সুবিধা ভোগ করেছেন মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক। নিয়োগ দুর্নীতির ২কোটি ৪৭ লাখ টাকা সরাসরি তার অ্যাকাউন্টে ঢুকেছে।”
এদিন সওয়ালে আদালতে ইডির আরও দাবি, “পার্থ চট্টোপাধ্যায় যেমন তার স্ত্রীর নামে স্কুল বানিয়ে টাকা সরিয়েছিল, ঠিক সেই কার্যপদ্ধতিতেই মানিক ভট্টাচার্যর ছেলেও স্কুল এবং ক্লাবের মাধ্যমে টাকা সরিয়েছিল।”
মানিক এবং সৌভিকের সংস্থাকে ইডি বাজেয়াপ্ত করেছে কি না, জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জবাবে ইডি জানায়, “না, তদন্ত চলছে। এখনও বাজেয়াপ্ত করা হয়নি।” এরপরই বিচারপতি বলেন, “আপনারা যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত নথি পাচ্ছেন ততক্ষন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন কী করে?” তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও খোঁজ নেন বিচারপতি। আগামীকাল বৃহস্পতিবার ফের মামলার শুনানি রয়েছে।
নিয়োগ মামলায় গত ফেব্রুয়ারি মাসে মানিকের স্ত্রী শতরূপা এবং তাঁদের পুত্র শৌভিককে হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রয়েছেন মানিকের স্ত্রী শতরূপা। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, শতরূপা যে নিয়োগ দুর্নীতির টাকা নিয়েছেন, সেই প্রমাণ দেখাতে পারেনি ইডি।
এরপরই এক লক্ষ টাকার বন্ডে শতরূপার জামিন মঞ্জুর করে আদালত। শর্ত হিসেবে বলা হয়, তিনি রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না। ইডির কাছে তাঁর পাসপোর্টও জমা রাখার নির্দেশ দেয় আদালত। তারপরেই মানিক এবং শতরূপার পুত্র সৌভিকও জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। মানিকের জামিন আগেই খারিজ করেছিল আদালত।