
মানিক ভট্টাচার্য
শেষ আপডেট: 12 June 2024 21:25
দ্য ওয়াল ব্যুরো: দু'বছর ধরে জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। একাধিকবার জামিন চেয়েও পাননি। বুধবারও পেলেন না। আপাতত জেলবন্দিই থাকতে হচ্ছে তাঁকে। আগামী ২৯ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
তাঁর মামলায় ধীর গতিতে তদন্ত হচ্ছে। এমনকী এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে পারেনি ইডি-সিবিআই, এই অভিযোগও করেছেন মানিক। প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের ভূমিকা নিয়েও। জামিন পেতে নিজের হয়ে নিজে সওয়ালও বাকি রাখেননি তিনি। তাতেও লাভের লাভ কিছু হয়নি। আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি। চলতি মাসের শেষ পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হচ্ছে।
মানিক ভট্টাচার্য এর আগে জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছিলেন। কিন্তু সেখানেও কোনও স্বস্তি পাননি তিনি। সুপ্রিম কোর্ট তাঁর সেই আর্জি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল। তবে একই মামলায় গ্রেফতার হওয়া তাঁর স্ত্রী এবং পুত্র কিন্তু বেশ কয়েক মাস আগেই জামিন পেয়ে গেছেন।
জামিনের আবেদন শারীরিক অসুস্থতার কথাও জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য। দাবি করেছিলেন, তাঁর শরীর আগের থেকেও বেশি খারাপ হয়েছে। চোখের সমস্যা রয়েছে, তাই মামলার নথি পড়তেও সমস্যা হচ্ছে। কিন্তু আদালত এইসব আর্তিতে সাড়া দেয়নি। মানিকের আইনজীবী আবার আদালতে দাবি করেছেন, ইডি-সিবিআই মামলার সবপক্ষকে নথিই দেয়নি। তবে সেই নিয়ে কোনও আলাদা নির্দেশ দেয়নি আদালত।