
মানিক ভট্টাচার্য। ফাইল ছবি।
শেষ আপডেট: 4 July 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য। সেই থেকে জেলবন্দি রয়েছেন তিনি। এরপর তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকও গ্রেফতার হন। তবে স্ত্রী-পুত্র জামিনে মুক্তি পেলেও জেলবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।
নিজের জামিনের আর্জি জানাতে গিয়ে এদিন এজলাসে কেঁদেও ফেলেন মানিক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠেছিল মানিকের মামলা। এদিনও জামিন হচ্ছে না বুঝতে পেরে এজলাসেই কাঁদতে শুরু করেন মানিক। বিচারপতি জানতে চান কী হয়েছে?
মানিক বলেন, "দু’বছর জেল খেটে ফেললাম, এবার জামিন দিন! আমি তো আর বেশি দিন বাচব না!" বিচারপতি জানতে চান, কেন একথা বলছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি আদালতে বলেন, "২০১৬ সালে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, আর ১০ বছর বাঁচব। অর্থাৎ ২০২৬ সালেই আমার আয়ু শেষ!"
এ ব্যাপারে ইডির আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, ‘‘অভিযুক্তকে কেন এখনও আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে? কেন তাঁকে জামিন দেওয়া হবে না?’’ জবাবে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, নিয়োগ দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলা মানিক অন্যতম অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে। নির্দিষ্ট পিএমএলএ আইন মেনেই তাঁকে আটকে রাখা হয়েছে।
শুক্রবার মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে জামিন চাইতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। যদিও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে রাজ্যের কাছে আবেদন জানাতে বলেছিল তাঁকে।