
শেষ আপডেট: 11 December 2023 15:17
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ফের নাম জড়াল পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি হলফনামা দিয়ে মানিকের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল। ইউজিসি জানায়, ১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে পলাশিপাড়ার বিধায়কের নিয়োগ বেআইনি ছিল!
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক বর্তমানে জেলে রয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য নিয়ে স্নাতকোত্তর হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন মানিক। পরে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। অবসরের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবেই দায়িত্ব সামলাতেন।
মানিকের বিরুদ্ধে অভিযোগ, কোনও নিয়মের তোয়াক্কা না করেই কলেজের অধ্যক্ষ পদে বসেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে দানিশ ফারুকি নামে এক ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আগেই মানিকের নিয়োগ নিয়ে ইউজিসির কাছে হলফনামা চেয়েছিলেন। সোমবার সেই মামলার শুনানি ছিল। সেখানেই ইউজিসি হলফনামা জমা দেয়।
নিয়ম অনুযায়ী, কোনও কলেজের অধ্যক্ষ হতে গেলে স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এমনকী পিএইচডি করতে হয়। এছাড়াও অন্তত ১৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হয়। স্নাতকোত্তর ও পিএইচডি-র নিয়ম মানা হলেও ১৫ বছর অধ্যাপনার নিয়ম মানা হয়নি মানিকের ক্ষেত্রে, হলফনামা দিয়ে এদিন আদালতে এটাই জানায় ইউজিসি।
হাইকোর্ট সূত্রে খবর, পরের শুনানিতে এই হলফনামা নিয়ে বিচারপতি নিজের পর্যবেক্ষণ জানাবেন। ছুটির পর হাইকোর্ট খুললে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।