দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রীকে আপনি ‘নীচ’ বলছেন কেন? এই প্রশ্ন শুনেই মেজাজ হারালেন প্রবীণ কংগ্রেস নেতা মণিশংকর আয়ার। ঠেলে সরিয়ে দিলেন মাইক। ঘুষি পাকিয়ে দেখালেন সাংবাদিকদের। তারপর দিলেন গালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন কাপুরুষ।
২০১৭ সালে রাইজিং কাশ্মীর নামে এক পত্রিকায় প্রবন্ধ লিখেছিলেন আয়ার। তাতে মোদীকে তিনি বলেন ‘নীচ আদমি’। ওই মন্তব্যের পরে নানা মহল থেকে সমালোচনা হয়। কংগ্রেসও তাঁকে সাসপেন্ড করে। গত বছর অবশ্য সাসপেনশন তুলে নেওয়া হয়। মঙ্গলবার আয়ার ফের বলেন, দু’বছর আগে আমি যা বলেছিলাম, তা এখন ঠিক বলে প্রমাণিত হয়েছে।
বুধবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা কি জানেন না, ভারতে নরেন্দ্র মোদী বলে এক ব্যক্তি আছেন? তিনি কী ভাষায় বিরোধীদের সমালোচনা করেন, তা কি শোনেননি? যান, তাঁকে প্রশ্ন করুন।
পরে আয়ার বলেন, না, তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন না। কারণ তিনি কাপুরুষ। তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেন না। তিনি এক সাংবাদিকের দিকে ঘুষি পাকিয়ে বলেন, আপনি আমাকে একটিও প্রশ্ন করবেন না। তারপরে ইংরেজিতে গালি দেন। সাংবাদিকদের চলে যেতে বলেন।
এদিন আয়ার আরও একবার সাংবাদিক বৈঠক করেন। তখন তিনি তুলনামূলকভাবে ছিলেন শান্ত। তিনি বলেন, আমার প্রবন্ধে মাত্র একটি লাইনে মোদীকে নীচ বলা হয়েছিল। পরে বলেন, আমি মিডিয়ার খেলায় যুক্ত হতে চাই না। নিজের সম্পর্কে তিনি বলেন, আমি বোকা হতে পারি কিন্তু অত বেশি বোকা নই।
কংগ্রেস বুধবার জানিয়ে দিয়েছে, তারা আয়ারের মন্তব্য সমর্থন করে না। এর জন্য প্রবীণ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ওই ধরনের শব্দ ব্যবহার করা ঠিক নয়। ঘৃণা, হিংসা ও গালিগালাজ করা মোদী ও তাঁর ঘনিষ্ঠদের মানায়। আসলে আয়ার সব সময় খবরে থাকতে চান।
কংগ্রেসের অপর নেতা জয়বীর শেরগিল আয়ারের মন্তব্যের পক্ষে দাঁড়ান। তাঁকে প্রশ্ন করা হয়, মণিশংকর আয়ার যেভাবে প্রধানমন্ত্রীকে ‘নীচ’ বলেছেন, তাতে কি কংগ্রেস অস্বস্তিতে পড়ছে না? তিনি বলেন আমরা অস্বস্তিতে পড়ছি এইজন্য যে, আমাদের প্রধানমন্ত্রী তাঁর পদের মর্যাদা রক্ষা করেননি। তিনি একজনের সম্পর্কে বলেছেন, ৫০ ক্রোর কা গার্লফ্রেন্ড। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বলছেন, ভ্রষ্টাচারী নম্বর ওয়ান।