
শেষ আপডেট: 10 April 2023 10:24
দ্য ওয়াল ব্যুরো: ইলেকট্রনিকস গ্যাজেট, বাড়ির আসবাবপত্র, গাড়ি বা বাড়ি ইএমআইতে কেনা হয়। কিন্তু মাসিক কিস্তিতে অর্থাৎ ইএমআইতে (EMI) আম কিনেছেন কখনও? তাও আবার আমের রাজা আলফানসো! এবার এই অভিনব সুযোগ করে দিচ্ছেন পুণের (Pune) এক আম বিক্রেতা গৌরব সানাস।
আলফানসো আম স্বাদে ও গন্ধে গোটা ভারতের পাশাপাশি বিশ্বেও সমাদৃত। মূলত মহারাষ্ট্রের দেবগড় এবং রত্নগিরিতে এই আমের চাষ হলেও বেশিরভাগই বিদেশে রফতানি হয়ে যায়। তবে চড়া দামের জন্য এই আম মানুষ কম কেনেন। তাই এই আমকে সাধারণ মানুষের হাতের নাগালে আনতে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন গৌরব। উল্লেখ্য, দেবগড়ের আলফানসো ২০১৭ সালে জি আই ট্যাগও পেয়েছে।
সব প্রয়োজনীয় জিনিস ইএমআইতে পাওয়া গেলে আম কেন পাওয়া যাবে না, এই প্রশ্ন তুলে গৌরব জানিয়েছেন, তাঁরাই দেশের প্রথম প্রতিষ্ঠান যেখানে ইএমআইতে আম (Mangoes) পাওয়া যাচ্ছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে আমের টাকা দিতে পারবেন। তবে ন্যূনতম পাঁচ হাজার টাকার আম কিনতে হবে। চলতি বছরে ডজনপ্রতি আলফানসো আম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৩০০ টাকায়।
গৌরব জানান, কোভিডের পর থেকে আলফানসো আমের বিক্রি কমে গেছে। বেশি দামের জন্য সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও তা কিনতে পারছেন না। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার ইএমআইতে আলফানসো আম বিক্রি করছেন বিক্রেতা।
বিয়ের আনন্দে রিভলভার নিয়ে শূন্যে গুলি কনের! মামলা দায়ের হতেই পালালেন নববধূ