
শেষ আপডেট: 20 November 2022 08:28
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলেই আচমকা বিস্ফোরণ ঘটেছিল মেঙ্গালুরুতে যাত্রীবোঝাই একটি অটোয় (Mangaluru blast)। অগ্নিদগ্ধ অবস্থায় অটোচালক এবং যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও রবিবার তদন্তের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। তাদের দাবি, সাধারণ বিস্ফোরণ নয়, নাশকতার (terrorist activity) উদ্দেশ্য নিয়েই বিস্ফোরণ ঘটানো হয়েছিল মেঙ্গালুরুর ওই অটোয়।
শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই আগুন ধরে যায় মেঙ্গালুরুর যাত্রীবোঝাই একটি অটোয় (auto)। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। অটোর যাত্রীদের এবং চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় হতাহত হননি কেউই। আপাতত বিপদমুক্ত সকলেই।
অটোচালক প্রাথমিকভাবে জানিয়েছিলেন, অটোর ভিতরে থাকা এক যাত্রীর ব্যাগ থেকেই আগুন লেগে গিয়েছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছিল ফরেনসিক দল। তদন্তে নামে পুলিশও। শনিবারের সেই ঘটনার পর রবিবার সকালেই চঞ্চল্যকর তথ্য প্রকাশ করলে কর্নাটক পুলিশ।
কর্নাটক পুলিশের ডিজি জানিয়েছেন, অটোর ওই বিস্ফোরণ কোনও সাধারণ দুর্ঘটনা নয়। নাশকতার উদ্দেশ্যে রীতিমতো পরিকল্পনা করেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির উদ্দেশ্য নিয়ে এই নাশকতার ছক কষা হয়েছিল। তবে কে বাকারা এর পিছনে রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত নেমেছে কেন্দ্রীয় সংস্থাও। সকলকে শান্ত থাকার আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে।
এর আগে ২০২০ সালে একবার বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ভর্তি ব্যাগ পাওয়া গিয়েছিল। এয়ারপোর্ট লাউঞ্জে রাখা সেই ব্যাগ দেখে বম্ব স্কোয়াডকে খবর দেয় সিআইএফএফ। তারপর সেই ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে বম্ব স্কোয়াড।