
শেষ আপডেট: 19 October 2022 13:17
দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য দিনের মতোই সেদিনও রান্না সেরে ছেলেকে খেতে ডেকেছিলেন মা (lunch)। কিন্তু রোজ একই শাকসবজি পছন্দ হয়নি ছেলের। কিন্তু নতুন করে আর রান্না করতে রাজি হননি মা। সেই রাগেই মাকে দোতলা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে (pushes mother) খুন করল ছেলে।
ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana)। অভিযুক্তের নাম সুরিন্দর সিং ওরফে টিঙ্কু। অশোকনগরের বাসিন্দা ৬৫ বছর বয়সি চরণজিৎ কৌর সোমবার রান্নার পর টিঙ্কুকে খেতে ডেকেছিলেন। কিন্তু খেতে এসে ছেলে দেখে রান্নায় কোনও নতুনত্ব নেই। রোজ যে সব শাকসবজি খাওয়া হয়, সেদিনও তাই রান্না করেছেন চরণজিৎ। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ২৬ বছর বয়সি টিঙ্কু। চরণজিৎকে নতুন করে রান্না করে আনতে বলে সে। কিন্তু ছেলের কথায় রাজি হননি মা।
তারপরেই আর রাগ সামলাতে না পেরে চরণজিৎকে ধাক্কা মারতে শুরু করে টিঙ্কু। নিজেকে বাঁচাতে দোতলার ছাদে উঠে যান মহিলা। কিন্তু সেখানে গিয়েও মাকে মারতে থাকে অভিযুক্ত যুবক। এরপর নিজের মাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় টিঙ্কু। তার পরেও তার রাগ পড়েনি। ক্ষতবিক্ষত মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে সে।
ছেলেকে আটকাতে ছুটে আসেন টিঙ্কুর বাবা গুরনাম সিং। তাঁকেও মারধর করে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যায় সুরিন্দর। গুরনাম সিং চিৎকার করে প্রতিবেশীদের ডেকে আনেন। তাঁদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর আহত চরণজিৎকে। কিন্তু সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় তাঁর।
চরণজিতের ভাইপো অমৃক সিং জানিয়েছেন, ছোট থেকেই টিঙ্কু অত্যন্ত বদমেজাজি। বর্তমানে কোনও কাজকর্ম করে না সে। সেই কারণেই ইদানিং তার রাগ এবং দুর্ব্যবহার আরও বেড়েছিল বলে জানিয়েছেন অমৃক। সালেম তাবরি থানার স্টেশন হাউস অফিসার গগনদীপ সিং জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত সুরিন্দর সিংয়ে বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তাকে খুঁজে বের করে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।
বিয়ের কথা শুনে পালিয়েছেন প্রেমিক, মালদহে যুবকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা