
শেষ আপডেট: 29 April 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: লিভ ইন পার্টনারকে (live in partner) খুন করে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ফেলে এসেছিল এক যুবক। তাঁর সঙ্গী ছিল ভাই, বোন ও এক বন্ধু। দিল্লির (Delhi) তেলিওয়াড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ অভিযুক্তের বোনকে গ্রেফতার করলেও পলাতক ছিল অভিযুক্ত। অবশেষে অভিযুক্ত বিনীত পানওয়ারকে গ্রেফতার (arrested) করেছে পুলিশ।
১২ এপ্রিল গভীর রাতে পুলিশের কাছে খবর আসে, দিল্লির করাওয়াল নগরের কৃষ্ণ পাবলিক স্কুলের কাছে একটি অজ্ঞাত মহিলার দেহ পড়ে আছে। পুলিশ গিয়ে দেখে, যুবতীর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ২৫ বছরের ওই তরুণীকে। তদন্তের পর পুলিশ জানতে পারে মৃতের নাম রোহিনা নাজ। তিনি উত্তরাখণ্ডের মিরাজপুরের বাসিন্দা।
সূত্রের খবর, চার বছর আগে বাড়ি ছেড়ে সে বিনীত নামে এক যুবকের সঙ্গে লিভ ইনে থাকতেন। লিভ–ইন পার্টনারকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তরুণী। যার জেরেই এই ঘটনা ঘটেছে। খুনের দিন বিয়ে নিয়ে বিনীতের সঙ্গে বচসা হয়। তারপর রোহিনাকে শ্বাস রোধ করে খুন করে বিনীত। এরপর সন্ধেয় দেহ লোপাটের জন্য এক বন্ধুকে ফোন করেছিল বিনীত।
৫০ জন পুলিশের একটি দল ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই ফুটেজেই দেখা গিয়েছিল মোটরবাইকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে। বাইকের পিছনে বিনীতের বোন পারুলকেও হাঁটতে দেখা গিয়েছিল। পারুলকে গ্রেফতারের পর সেকথা স্বীকার করেছিল সে। তবে অভিযুক্তকে হাতের নাগালে পায়নি পুলিশ।
সম্প্রতি গাজিয়াবাদের লোনিতে বিনীত পানওয়ারের খোঁজ পায় পুলিশ৷ ক্রাইম ব্রাঞ্চের একটি দল সেখানে ছুটে যায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
বিনীত পানওয়ার স্বীকার করেছেন যে, ২০১৭ সালে রোহিনা নাজের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপর তাঁরা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। সেই একই বছর তাঁকে একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়। তারপর থেকেই রোহিনা বিনীতের বোন পারুলের সঙ্গে তেলিওয়াড়ার ফর্শ বাজারে থাকতে শুরু করে। ২০২২ সালে জামিন পেয়ে গাজিয়াবাদের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ শুরু করেছিলেন বিনীত। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন রোহিনা। সেকারণেই তাঁকে খুন করেছেন বিনীত।
৩ ঘন্টাতেও এল না অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ল ৬ মাসের সন্তান