দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কা থেকে ফেরার পরে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাকে। তবে বাড়িতে নাকি থাকতেই চাইছিল না সে। একরকম জোর করেই আটকে রাখা হয়েছিল তাকে। কিন্তু দুর্ঘটনা ঘটল শুক্রবার রাতে। সুযোগ বুঝে একছুটে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়ল সে। প্রতিবেশী এক বৃদ্ধাকে সামনে পেয়ে তাঁর গলা কামড়ে ধরল। যতক্ষণে বৃদ্ধার আর্তনাদ শুনে পাড়ার লোকজন ছুটে আসেন, ততক্ষণে সব শেষ। বাঁচানো যায়নি বৃদ্ধাকে।
ঘটনা তামিলনাড়ু থেনি জেলার। পুলিশ জানিয়েছে, ৩৪ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরিবারের লোকজন দাবি করেছে হোম কোয়ারেন্টাইনে রাখার পরে তার মানসিক স্থিতি বিগড়ে যায়। কেন সে এমন করল সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, শ্রীলঙ্কায় কাপড়ের ব্যবসা রয়েছে ওই যুবকের। সপ্তাহ দুয়েক আগে সে বাড়ি ফেরে। স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাকে। তারপর থেকেই ঝামেলা শুরু হয়। পরিবারের লোকজনের সঙ্গে প্রায় রোজই অশান্তি করত যুবক। তাকে বাড়িতে আটকে রাখা সম্ভব হচ্ছিল না।
গতকাল রাতেও একইরকম অশান্তি হয়। মাঝরাতে কোনওভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। শুনশান রাস্তায় সামনেই পড়েন বৃদ্ধা নাতচিয়াম্মাল। স্থানীয়রা বলেছেন, ওই বৃদ্ধা সেদিন তাঁর বাড়ির বাইরের দাওয়ায় ঘুমোচ্ছিলেন। যুবক গিয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। কামড়ে ধরে গলার চামড়া ছিঁড়ে দেয়। বৃদ্ধার কান্না শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধার গলা থেকে রক্ত ঝরছিল। আর্তনাদ করছিলেন তিনি। পাশেই দাঁড়িয়েছিল ওই যুবক। তার মুখেও লেগেছিল রক্ত। পরনে কোনও কাপড়ই ছিল না। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।