
শেষ আপডেট: 18 August 2023 12:23
দ্য ওয়াল ব্যুরো: বিমানে যাত্রীদের অভব্য আচরণ করার ঘটনার খামতি নেই। প্রায়ই কোনও না কোনও এয়ারলাইন্স খবরের শিরোনামে উঠে আসছে, এইসব ঘটনার কারণে। এবার বিমান সেবিকা ও এক মহিলা যাত্রীর ছবি তুলে বিপাকে পড়লেন স্পাইসজেটের এক যাত্রী (Man harasses air hostess)!
ঘটনাটি ঘটেছে, দিল্লি-মুম্বইয়ের একটি বিমানে। জানা গেছে, গত ২ অগস্ট এসজি১৫৭ বিমানের এক যাত্রী বিমান সেবিকা ও এক মহিলা যাত্রীর ছবি তুলে বসে নিজের মোবাইলে। বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায় বিমানের মধ্যে। ধরা পড়তেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বিমান সংস্থা জানিয়েছে, অভিযুক্ত যাত্রীকে তাঁর ফোন থেকে ডিলিট করানো হয়েছে। সেইসঙ্গে এমন ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
এই ঘটনার সত্যতা স্বীকার করে স্পাইসজেট (SpiceJet) একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, অভিযুক্ত বিমানের প্রথম সারিতে বসে ছিলেন। বিমান টেকঅফ করার আগে আচমকা তিনি নিজের মোবাইল বের করে বিমান সেবিকাদের ছবি তুলতে শুরু করেন। সেইসঙ্গে তাঁর পাশে বসে থাকা এক মহিলা যাত্রীরও ছবি নেন তিনি।
যা নজরে আসতেই আপত্তি জানানো হয়। পরে ওই যাত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, মোবাইল থেকে সব ছবি ডিলিট করানো হয়েছে। অভিযুক্ত লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৎপর হয় দিল্লি মহিলা কমিশন। অভিযুক্তর বিরুদ্ধে সুয়ো-মোটো জারি করেছে তারা। কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, 'বিমানের মধ্যে শারীরিক নির্যাতনের অভিযোগ দিনে দিনে বাড়ছে। এটা কখনই মেনে নেওয়া যায় না। ডিজিসিএ-র উচিত এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না পান।'
এর আগেও বিমানের মধ্যে নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কখনও সিটের মধ্যে প্রস্রাব করে দেওয়া, কখনও আবার সহযাত্রীকে উত্যক্ত করার অভিযোগও সামনে এসেছে।
আরও পড়ুন: হিমাচলের দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণার আর্জি, বৃষ্টি-বন্যা-ধসে নাভিশ্বাস গোটা রাজ্যের