দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের বারমের এলাকা থেকে এক পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করল পুলিশ। মুস্তাক আলি নামের ওই গুপ্তচরকে অনেক দিন ধরেই খুঁজছিলেন তদন্তকারীরা। পাকিস্তানি সংস্থার হয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছে সে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বয়স বছর চল্লিশ তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করত। এ জন্য দু'বার পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণও নিয়েছে সে। তার কাজ ছিল, ভারতীয় সীমান্ত এলাকার বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়া মারফত পাকিস্তানে পাঠানো। ওই এলাকায় কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সেনাকর্মীরা কী করছেন সে দিকেও নজর রাখত সে এবং তথ্য পাঠিয়ে দিত নির্দিষ্ট জায়গায়।
কয়েক বছর ধরে যে সে এই কাজ করে যাচ্ছে, সে বিষয়ে পুলিশের কাছে খবর থাকলেও তাকে কখনওই হাতে পায়নি পুলিশ। কয়েক বার গ্রেফতারির চেষ্টা করলেও সন্ধান মেলেনি তার। কিন্তু সম্প্রতি গোয়েন্দা দফতর থেকে রাজস্থান পুলিশের কাছে বিশেষ সতর্কতা বার্তা পাঠানো হয় ওই ব্যক্তি সম্পর্কে। তার পরেই আরও একবার কোমর বেঁধে তদন্তে নামে পুলিশ। তার জেরেই জালবন্দি হল সে।
রাজস্থানের বারমেরের এই এলাকা আগেও এ ধরনের কারণের জন্য খবরের শিরোনামে এসেছে। এই এলাকায় পাক গুপ্তচরদের বিশেষ নজর রয়েছে। এর বড় কারণ হল, কাশ্মীর সীমান্তে যতটা কড়াকড়ি ও অশান্ত পরিবেশ, এখানে ততটা নয়। খুব সহজেই কাজ হাসিল করা যায়। এর আগেও পাকিস্তান থেকে বিস্ফোরক ও অস্ত্র পাচারের অভিযোগে ১০ জন গ্রেফতার হয়েছিল এই এাকায়। কয়েক দিন আগেই তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বারমেরের আদালত।
এবার ধরা পড়ল পাক গুপ্তচর মুস্তাক আলি। মঙ্গলবারই তাকে আঠক করা হয়। একটানা জেরা শুরু করে পুলিশ। জেরার মুখে অভিযোগ স্বীকার করার পরে বৃহস্পতিবার গ্রেফতার হয় সে। পুলিশ জানিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে পাকিস্তানের গুপ্তচর সংস্থার হয়ে সে কাজ করছে।
https://twitter.com/ANI/status/1298985984810344459
জানা গেছে, ২০১৪ ও ২০১৮ সালে দুবার বাবা ও মাকে নিয়ে পাকিস্তানেও গিয়েছিল সে। পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ভিসা পেতে বা অন্যান্য নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হয়নি বিশেষ। সেই দুবারই সে সটান পৌঁছয় আইএসআইয়ের সদর দফতরে। সেখানে গিয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণও নিয়ে আসে।
সম্প্রতি এই বিষয়ে রাজস্থানের পুলিশের এটিএস-কে গোপন খবর দেন গোয়েন্দারা। তার পরেই মুস্তাককে অতর্কিতে আটক করা হয় এবং জেরা শুরু হয়। শেষমেশ তাকে গ্রেফতারও করা হয়েছে গতকাল।