
শেষ আপডেট: 2 April 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: বেশ অনেকদিন বাড়ি ছেড়ে অন্যত্র থাকতেন। কিন্তু কয়েকদিন ধরেই ঘরে তালা বন্ধ দেখেন প্রতিবেশীরা। মঙ্গলবার সেই ঘর থেকেই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এদিন সকালে এই ঘটনায় রঘুনাথগঞ্জের মিয়াপুর গ্রামে উত্তেজনা ছড়ায়।
পুলিশ জানিয়েছে মৃতের নাম ভুটু সাহা। বছর ৩২-এর ভুটুর বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিয়াপুরে। প্রায় দশ বছর তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। বাড়ির বেশ কিছুটা দূরে সঙ্গীকে নিয়ে থাকতেন। মঙ্গলের সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় এলাকাবাসীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশে। এরপর দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। ওই যুবকের সঙ্গে এক যুবতীর সম্পর্ক ছিল, ঘটনার পর থেকে খোঁজ মিলছে না তাঁরও।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার এলাকায় শেষবারের মতো দেখা গিয়েছিল অরুণের প্রেমিকা হিসেবে পরিচিত তরুণীকেও। তারপর থেকে আর দুজনের কারও খোঁজ ছিল না। দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রেমের টানাপোড়েনে খুন নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।