
ফাইল ছবি
শেষ আপডেট: 13 July 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল। বিছানায় খেলছিল নয় মাসের সন্তান। রাগের বশে কোলের শিশুকে আছাড় মেরে ফেলে আত্মঘাতী হন বাবা। ঘটনাটিতে উত্তেজনা ছড়িয়েছে শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।
জানা গেছে, আত্মঘাতী যুবকের নাম আবির রুইদাস। বছর পয়ঁত্রিশের আবিরের বিরুদ্ধে তাঁর নয় মাসের সন্তানকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠেছে দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের সগরভাঙার রুইদাস পাড়ায়। জানা গেছে, শনিবার সকাল থেকেই স্ত্রীর মধ্যে আবিরের অশান্তি চলছিল। ঘরের বিছানায় তখন খেলা করছিল নয় মাসের শিশু সুজন। আচমকা বিছানা থেকে সন্তানকে তুলে আছাড় মেরে পালিয়ে যায় আবির। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিশুর অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময়ে রাস্তাতেই শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল থেকে শিশুর দেহ বাড়িতে আনা হয়। ঘটনাটিতে এলাকায় শোরগোল পড়ে যায়। ততক্ষণে খবর আসে, সুজনের বাবা আবির দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল লাইনে আত্মঘাতী হয়েছে। স্থানীয় বাসিন্দা কানাই বাউরি জানিয়েছেন, দিনমজুরের কাজ করে সংসার চালাত আবির ও তাঁর স্ত্রী সরমার। দু'জনের মধ্যে প্রতিদিনই প্রায় অশান্তি লেগে থাকত। শনিবার সকালে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তখনই আবির নিজের সন্তানকে বিছানা থেকে তুলে আছাড় মারে।
এক এলাকাবাসী জানিয়েছেন, শিশুকে আছাড় মারার পর স্থানীয় বাসিন্দারা আবিরকে ধরে মারধর করতেই সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই খবর আসে, দেশবন্ধু নগরের কাছে রেল লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হয়েছে সে।
ছেলেকে খুন করে বাবা আত্মঘাতী হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা কার্যত অবাক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী, প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। একই পরিবারের শিশু ও যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।