
অভিযোগকারী শাশুড়ি
শেষ আপডেট: 9 November 2024 20:31
দ্য ওয়াল ব্যুরো: এ যেন কোনও সিনেমার চিত্রনাট্য। বউদিকে নিয়ে পগার পার ভাসুর। বুধবার ভোরবেলা স্বামীর দাদার বাইকে চেপে পালিয়ে যায় ওই গৃহবধূ। ঘটনায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
এদিকে বাড়ির বৌকে পালিয়ে যেতে দেখে বাইকের পিছনে ছোটেন শাশুড়ি। গৃহবধুর শাশুড়ি জানান, 'আমার স্বামী ও ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে কাজে গিয়েছে। বাড়িতে বৌমা ও এক বছরের নাতনিকে নিয়ে থাকতাম আমি। বৌমা সারাদিন মোবাইলে আসক্ত থাকত। যার সঙ্গে পালিয়েছে সে সম্পর্কে ভাসুর। আমাদের বাড়িতে যাতায়াতও ছিল।'
তিনি আরও বলেন, 'তাঁরও বাড়িতে একটা সন্তান রয়েছে। স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমার বৌমার সঙ্গে সম্পর্ক পাতায়। এই নিয়ে এর আগেও সালিশি সভা বসেছিল বাড়িতে। আমরা ভাবতাম এখন আর তাঁদের মধ্যে সম্পর্ক নেই।'
ঠিক কী হয়েছিল? ভোর বেলা শাশুড়ি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। বৌমাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পিছনে অনেক ডাকাডাকি করলেও শুনেনি তাঁরা। অভিযোগ, কোলের সন্তানকে নিয়েই বৌমা পালিয়ে যায় ভাসুরের সঙ্গে।
ইতিমধ্যেই ঘটনায় ধুপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে। এখন তাঁদের শুধু দাবি, শিশুটিকে যেন তাঁরা ফেরত দিয়ে যান। ঘটনায় দুশ্চিন্তায় পরিবার।