
শেষ আপডেট: 27 September 2023 15:32
দ্য ওয়াল ব্যুরো: গরবা (Garba) অনুশীলনের সময় মর্মান্তিক ঘটনা! মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হল এক তরুণের। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদযন্ত্র বিকল হয়েই (cardiac arrest) মৃত্যু হয়েছে ওই তরুণের। ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) জামনগরের প্যাটেল পার্ক এলাকায়। মৃত তরুণের নাম বিনীত মেহুলভাই কুনওয়ারিয়া। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সূত্রের খবর, ওই সময় হঠাৎই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন এবং হঠাৎই মাটিতে পড়ে যান। এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাকিরা ছুটে আসেন। পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণকে। পরে অবস্থা আরও গুরুতর হওয়ায় সেখান থেকে আরও একটি বেসরকারি হাসপাতালে তাঁকে রেফার করা হয়।
ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বিনীতকে। মাত্র ১৯ বছর বয়সে তরুণের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এদিকে তাঁর পরিবারের সদস্যরা জানান, বিনীতের শরীরে কোনও রোগ ছিলনা। তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে সংশয় রয়েছে সবার মধ্যেই।