
শেষ আপডেট: 5 November 2023 20:15
দ্য ওয়াল ব্যুরো: হাতির হানা থেকে বাঁচাতে চেয়েছিলেন ফসল। অন্ধকারে টর্চ হাতে ছুটে যান ফসলের দিকে। কিন্তু শেষমেশ হাতির তাড়া খেয়ে প্রাণ দিতে হল এক কৃষককে। ঘটনাটি ঝাড়গ্রামের বড় চাঁদাবিলা গ্রামের।
মৃতের নাম পরীক্ষিত মাহাতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় জামবনি ব্লকের ডুলুং নদী সংলগ্ন ধনিয়াপাল এলাকায় প্রায় ৪০ টি হাতির একটি দল ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের ধান জমিতে ঢুকে পড়ে। এলাকায় হাতির দল আসছে খবর পেতেই ফসল বাঁচাতে ছুটে যান কৃষকেরা। হাতে বড় টর্চ নিয়ে জমির দিকে ছুটে যান অনেক গ্রামবাসী। সেসময়ই ঘটে বিপত্তি।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন একটি দলছুট হাতি পুকুরিয়া বিটের বড় চাঁদাবিলা গ্রাম সংলগ্ন একটি ক্ষেতে ঢুকে পড়েছিল। হঠাৎ করে হাতির দলের সামনে পড়ে যান পরীক্ষিত নামে ওই কৃষক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হাতির হাত থেকে বাঁচার জন্য পরীক্ষিত ধানের জমির পাশে একটি পুকুরে ঝাঁপ দেন। পরে অবশ্য জঙ্গলের দিকে চলে যায় হাতির দল। কিন্তু পরীক্ষিতের কোনও খোঁজ পাওয়া যায়নি।
রবিবার সকালে স্থানীয়রা পুকুরে পরীক্ষিতের গামছা এবং টর্চ ভেসে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম ব্লকের বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা। এরপর শুরু হয় পুকুরে তল্লাশি অভিযান। এদিন দুপুর ২টো নাগাদ পুকুর থেকে ওই কৃষকের মৃতদেহ উদ্ধার হয়।
এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসতে চাইলে পরীক্ষিতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পুলিশকে বাধা দেন। বন দফতরের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান। এদিন বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন বন দফতরের কর্মীরা। তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার এবং ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পরই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে দেন গ্রামবাসীরা। যদিও জলে ডুবে মৃত্যু নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।