
শেষ আপডেট: 8 May 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: ছিল হিরে। অন্তত পার্সেল করে পাঠানোর সময় তো তেমনটাই জানা ছিল। কিন্তু কোন ম্যাজিকে সেই হিরে হয়ে গেল গুটখা (Diamonds With Gutka Packets)! একেবারে নতুন কায়দায় প্রতারণা এক হিরে ব্যবসায়ীকে (diamond trader)। দুর্দান্ত গুণমানের হিরে কেনার নাম করে সেই হিরের বদলে গুটখার প্যাকেট রেখে ৩২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। প্রতারিত হিরে ব্যবসায়ের নাম রুশভ ভোরা। তিনি জনিয়েছেন, রাহিল মানজানি নামে একজন হিরের দালাল অন্য একজন ব্যবসায়ীকে বিক্রি করার জন্য তাঁর কাছ থেকে পালিশ করা, গোল এবং প্রাকৃতিক গুণমানের হিরে কিনবে বলে জানায়, যার মোট মূল্য ৩২ লক্ষ ৪ হাজার ৪৪২ টাকা। প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা দেয় রাহিল। জানায়, হিরে পেয়ে যাওয়ার পর ওই ব্যবসায়ীর থেকে বাকি টাকা নিয়ে সে ৩-৪ দিনের মধ্যেই দিয়ে দেবে।
সেই মতোই ৩টি পার্সেলে প্যাক করে রাহিলকে হিরে পাঠিয়ে দেন রুশভ। কিন্তু ৩-৪ দিন তো দূর, দু সপ্তাহ কেটে গেলেও টাকা পাননি রুশভ। এরপর ওই ব্রোকারকে পার্সেলগুলি ফেরত পাঠাতে বলেন তিনি। ঠিক হয়, রাহিলের উপস্থিতিতেই খোলা হবে পার্সেলগুলি। সেই মতোই পার্সেল খোলা হতেই চমকে ওঠেন রুশভ। দেখা যায়, হিরের বদলে সেগুলির মধ্যে ঠেসে ভরা রয়েছে গুটখার প্যাকেট।
এরপরেই মাহিধরপাড়া থানায় ওই ব্রোকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রুশভ। তিনি জানান, অন্য এক হিরে ব্যবসায়ীর সঙ্গে মিলে তাঁকে প্রতারণা করেছে রাহিল। তাঁর অভিযোগের ভিত্তিতেই রাহিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনায় সত্যিই অন্য কোনও ব্যবসায়ী জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এটিএমে না ভরে দেড়কোটি টাকা লোপাট! শ্রীরামপুর ও রিষড়া থেকে পাকড়াও তিন