দ্য ওয়াল ব্যুরো: ফের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। একদল যুবকের মারে সংজ্ঞাহীন অবস্থায় শনিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় জখম ব্যক্তিকে। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম সরবেশ দিবাকর। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
জানা গিয়েছে গুজবের জেরে এই ঘটনা ঘটেছে। একটি বাড়ির খোলা ছাদে ফেলে পেটানোর ফুটেজও সামনে এসেছে।
কী গুজব?
জানা যাচ্ছে, তফশিলী সম্প্রদায়ভুক্ত সরবেশ দিবাকরের ১৬ বছরের মেয়ে আছে। কোভিড পরিস্থিতিতে তাঁর আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি ঠিক করেছিলেন এক আত্মীয়ের বাড়িতে মেয়েকে রেখে.পড়াশুনা করাবেন। আর তা করতে গিয়েই বিপত্তি বাঁধে।
মেনপুরী এলাকায় রটে যায়, মেয়েকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন দিবাকর। স্রেফ এই সন্দেহের বশেই পাশবিক নির্যাতন করা হয় তাঁর উপর।
এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। বিএসপি-র টুইটার হ্যান্ডেল থেকে নৃশংস ওই ঘটনার ফুটেজও টুইট করা হয়েছে।
যদিও স্থানীয় পুলিশ নির্দিষ্ট রাজনৈতিক অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, তদন্ত করা হচ্ছে। দোষীদের শাস্তি দেওয়া হবে। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। মৃত ব্যক্তি দলিত সমাজের হওয়ায় মায়াবতীর আক্রমণও তীব্র হয়েছে। যোগী জমানায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
দু'দিন আগেই সাহাজানপুরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। তারপর সরবেশ দিবাকরের মৃত্যু নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে দেশের সবচেয়ে বড় রাজ্যে।