
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 23 June 2024 23:28
দ্য ওয়াল ব্যুরো, বারাসত: বনগাঁয় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় রবিবার আরও চার জনকে গ্রেফতার করল পুলিশ। একই সঙ্গে গুজব রটানোর অভিযোগেও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সোমবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।
রবিবার এব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে এসডিপিও অর্ক পাঁজা বলেন, "সন্দেহ হলে পুলিশকে জানান। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যাঁরা গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’’
এসডিপিএ একথাও জানান, যাঁদের উপর হামলা হয়েছে, তাঁরা কেউই ছেলেধরা নন। সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে। গাইঘাটার ঘটনাতেও দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানান পুলিশ কর্তা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বারাসতের কাজিপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারপরেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় ওইদিন উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসত। এই ঘটনার পর নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য পদক্ষেপও নেয় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ।
কিন্তু একদিন যেতে না যেতেই শুক্রবার অশোকনগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন এক তরুণী। সেই ঘটনায় শনিবার ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে শনিবার বিকেলে বনগাঁর ঠাকুরপল্লি এলাকায় ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় শনিবারই ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
এরপরও রবিবার সকালে গাইঘাটায় গণপিটুনির শিকার হন এক যুবক। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে। যেভাবে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে তাতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পুলিশ কর্তা।