
মোবাইল চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 6 July 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে হঠাৎ করেই গণপিটুনির দৌরাত্ম্য। ইদানীং একের পর এক গণপিটুনির শিকার হয়ে কোথায় মৃত্যু, আবার কোথাও গুরুতর জখম হওয়ার ঘটনা সামনে আসছে। এবার সেই তালিকায় জুড়ল হাওড়ার বাঁকড়া। চোর সন্দেহে সেখানে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।
আহত তরুণের নাম শেখ মসিদুল হাসান। বছর ত্রিশের মসিদুল ওরফে মিন্টু বাঁকড়ার জমাদার পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে মসিদুল বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ঘটে বিপত্তি। অভিযোগ, চোর সন্দেহে এক দল লোকজন আচমকাই তাঁর উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করে। তিনি চোর নন, বারবার আকুতিমিনতি করা সত্ত্বেও তাঁর কথা কেউ শোনেননি। কিল-চড়, লাঠির আঘাত খেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন মসিদুল। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, এলাকায় মসিদুলের তেমন কোনও দুর্নাম নেই। তাই তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ মেনে নিতে পারছেন কেউই। ঘটনাটিতে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন যুবকের পরিবার। পুলিশ সূত্রের খবর, ঘটনাটিতে এখনও কোনও অভিযোগ দায়ের হয়েনি। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
বিগত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম থেকে আড়িয়াদহ, পাণ্ডুয়া থেকে তারকেশ্বর সহ একাধিক জেলায় প্রায় প্রতিদিনই একের পর এক গণপিটুনির ঘটনা উঠে এসেছে শিরোনামে। খাস কলকাতাতেও উত্তেজিত জনতার মারের শিকার হয়েছেন কয়েকজন। গণপিটুনির অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণও হারিয়েছেন। ইতিমধ্যে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী নমমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। গণপিটুনি রুখতে পুলিশ কর্তাদের কাছেও এসেছে কড়া বার্তা।