
মাম্পি দাস
শেষ আপডেট: 18 May 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। তারপরেই আক্রমণ শানালেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না। তৃণমূলকে ভোটে হারাবই।"
সন্দেশখালির পরপর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। যে কটি ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে এক মহিলাকে বলতে শোনা গেছে, সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে ধর্ষণের অভিযোগ লেখা হয়েছিল। মহিলার দাবি, এই কাজ তাঁকে দিয়ে করিয়েছিলেন মাম্পি দাস, যিনি সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ।
সম্প্রতি সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় সন্দেশখালি নিয়ে। সেখানেই ওই মহিলা বিস্ফোরক অভিযোগ করেছেন। মহিলার আরও দাবি, পরে যখন তিনি মামলা তুলতে যান, তখন তাঁকে ‘হুমকি’ দেওয়া হয়।
মাম্পি দাসের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়ার পরেই তাঁকে সন্দেশখালির পুলিশ ডেকে পাঠায়। পরে গ্রেফতার করা হয় তাঁকে। হাইকোর্টের নির্দেশের পর শনিবার দমদম জেল থেকে ছাড়া পান তিনি। বেরিয়েই বলেন,"সত্যমেব জয়তে।" মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো আক্রমণ শানিয়ে মাম্পি বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি যা করেছেন, এর শেষ দেখে ছাড়ব।”