
শেষ আপডেট: 11 May 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলে তীব্র তাপপ্রবাহের মাঝেও হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচার সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সভা থেকে হেলিকপ্টার দেখিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, "ওটা হেলিকপ্টার তো নয়, যেন হিট চেম্বার!"
সেই তাপদাহ উধাও। পরিবর্তে বঙ্গজুড়ে ঝড়-জলের দাপট। মঙ্গলবারের আগে পরিস্থিতি খুব একটা বদলের সম্ভাবনা নেই। একথা অজানা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
এদিকে নির্বাচনী প্রচারও করতে হবে। অগত্যা ঝড়-জলের সঙ্গে 'লুকোচুরি' খেলা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
শনিবার দুপুরে হুগলির সপ্তগ্রামে দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে পৌঁছে গিয়েছিলেন মমতা। সেখানে নিজেই জানালেন একথা।
তৃণমূল নেত্রীর কথায়, "কলকাতায় এত ঝড়-জলের তাণ্ডব চলছিল যে আমরা এক ঘণ্টা আগেই বেরিয়ে পড়তে বাধ্য হয়েছি। এই দুটো তিনটে দিন ওয়েদার এমন থাকবে যে পরের সভাটা আগে গিয়ে পৌঁছলাম বা আগেরটা পরে গিয়ে পৌঁছলাম। এরকম হতে পারে, কিন্তু কিছু করার নেই। ২-৩টে দিন এভাবেই চলতে হবে।"
মমতার কথায়, "একসময় মনে হয়েছিল হয়ত পৌছতে পারব না, সেটা হলে আরও খারাপ লাগত নিজের। সেই জন্য এক ঘণ্টা আগে হলেও চলে এসেছি!"
শুধু সভাস্থলে আসা নয়, রীতিমতো সময় ধরে বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত মানুষকজনকে শুরুতেই বলেছেন, "বেশিক্ষণ থাকতে পারব না। আবার ঝড় জল নামবে। আপনাদেরও তো বাড়ি ফিরতে হবে।"
একেবারে সময় ধরে এগিয়েছে সভা। মুখ্যমন্ত্রীর নির্বাচনী সফর সঙ্গী রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। প্রতিটি সভাতেই বক্তৃতা শেষে গানের জন্য ইন্দ্রনীলকে এতদিন পাঁচ মিনিট সময় দিয়ে এসেছেন মমতা। তবে শনিবার সেই সময়েও কোপ পড়ল।
সভা শেষে মমতাকে বলতে শোনা গেল, "দেখেছেন কি টাইমিং! হাতে আর ৫ মিনিট আছে। ১ মিনিট যেতে সময় লাগবে (মঞ্চ থেকে হেলিকপ্টার)। ইন্দ্রনীল ৩ মিনিটে শেষ করো!" খানিক থেমে সগোক্তি, "কী করব! ওয়েদারের জন্য সময় ধরে চলতে হচ্ছে!"